স্পার্সের হাত থেকে এজেকে ছিনতাই করে নিল গানার্সরা

উত্তর লন্ডনের দুই ক্লাবের টানাপোড়েনের মাঝেই নাটকীয়ভাবে ক্রিস্টাল প্যালেস তারকা ইবেরচি এজেকে দলে টেনে নিল আর্সেনাল। টটেনহ্যাম ভেবেছিল তারা প্রায় চুক্তি পাকাপোক্ত করে ফেলেছে, কিন্তু শেষ মুহূর্তে গোপনে এগিয়ে গিয়ে ৬৭.৫ মিলিয়ন পাউন্ডের চুক্তি করে নেয় আর্সেনাল।

স্পার্সের সঙ্গে দিনের পর দিন কঠিন আলোচনার মধ্য দিয়ে কোনো সমাধান বের হচ্ছিল না। অ্যাড-অন, অগ্রিম অর্থপ্রদান ও শর্তাবলী নিয়ে একটার পর একটা জট তৈরি হচ্ছিল। এর মধ্যেই সুযোগ নেয় আর্সেনাল। যদিও প্রথমে আর্সেনাল নিজেদের আগ্রহ আড়াল করেছিল—শোনা গিয়েছিল তারা আগে খেলোয়াড় বিক্রি করতে চাইছে এবং একজন বাম উইঙ্গারকে অগ্রাধিকার দেবে। ফলে এজে নিয়ে তাদের তৎপরতা গুরুত্ব পায়নি।

কিন্তু সব পাল্টে যায় রবিবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে কাই হাভার্টজের চোটের পর। জার্মান মিডফিল্ডারের অবস্থা গুরুতর না হলেও কয়েক মাস বাইরে থাকতে পারেন বলে আশঙ্কা। এতে দ্রুত সিদ্ধান্ত নেয় আর্সেনাল—যাতে সুযোগ হাতছাড়া না হয়।

জানা গেছে, ১০ আগস্টই আর্সেনাল প্যালেসের সঙ্গে প্রাথমিক চুক্তি করেছিল, তবে বিষয়টি এতটা গোপন রাখা হয়েছিল যে বাইরে কিছুই প্রকাশ পায়নি। প্যালেস চেয়ারম্যান স্টিভ প্যারিশ ও আর্সেনাল ভাইস-চেয়ারম্যান টিম লুইসের ঘনিষ্ঠ সম্পর্কও আলোচনাকে সহজ করেছে।

চূড়ান্ত চুক্তিতে আর্সেনালকে দিতে হচ্ছে ৬০ মিলিয়ন পাউন্ড নগদ এবং আরও ৭.৫ মিলিয়ন অ্যাড-অন। যা কার্যত এজের রিলিজ ক্লজের কাছাকাছি। স্পার্সের প্রস্তাবও বড় ছিল, কিন্তু আর্সেনালের অফার বেশি শক্তিশালী ও দ্রুত কার্যকর হয়েছে।

এজের পছন্দও আর্সেনাল। শৈশবের স্বপ্ন ছিল এই ক্লাবের জার্সি গায়ে চ্যাম্পিয়নস লিগে খেলা। সুযোগ-সুবিধা ও শিরোপা জয়ের সম্ভাবনার দিক থেকেও আর্সেনাল এগিয়ে। প্যালেসের হয়ে এফএ কাপ জয়ের পর ইনস্টাগ্রামে ইয়ন রাইটের ছবি ব্যবহার করাও তার আর্সেনালের প্রতি টান স্পষ্ট করেছিল।

কুইন্স পার্ক রেঞ্জার্সও খুশি হবে এই ডিলে—কারণ তারা পাবে ১৫ শতাংশ সেল-অন ফি।

এখনও নিশ্চিত নয়, বৃহস্পতিবার কনফারেন্স লিগ প্লে-অফে ফ্রেডরিকস্টাডের বিপক্ষে মাঠে নামবেন কি না এজে। যদি নামেন, তবে সেটি হবে সমর্থকদের সামনে তার আবেগঘন বিদায় ম্যাচ।

স্পার্স চেয়ারম্যান ড্যানিয়েল লেভির জন্য অবশ্য এটি বড় ধাক্কা। গিবস-হোয়াইটের মতো আরেকটি সম্ভাব্য বড় ট্রান্সফারও তারা হারালেন। ফলে টটেনহ্যাম সমর্থকদের মধ্যে নতুন করে অসন্তোষ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

অন্যদিকে, আর্সেনাল সই করিয়ে নিল এমন এক তারকাকে, যিনি মৌসুমে বড় পরিবর্তন এনে দিতে পারেন। অনেকের চোখে এটি হয়ে উঠেছে গ্রীষ্মের সেরা ট্রান্সফার—যা লিভারপুল ও ম্যানচেস্টার সিটির সঙ্গে প্রতিযোগিতায় আর্সেনালকে আরও শক্তিশালী করবে।