ভালো নেই শ্রুতি

দক্ষিণ ভারতীয় তারকা শ্রুতি হাসান। ক্যারিয়ারের শুরু থেকেই বেশ সুনামের সঙ্গে অভিনয় করে আসছেন মেগা-তারকা কমল হাসনের এই কন্যা। অভিনেত্রী হিসেবে তো বটেই, গায়িকা হিসেবেও নামডাক আছে তার। মাঝখানে কিছুদিন সাফল্য থেকে দূরে থাকলেও পুরনো ছন্দে ফেরেন ২০২৩ সালে মুক্তি পাওয়া বিগ বাজেটের ‘সালার : পার্ট ১-সিজফায়ার’ সিনেমার মাধ্যমে। প্রশান্ত নীল পরিচালিত এই ছবিতে দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন শ্রুতি হাসান। তবে পেশাগত জীবনের পাশাপাশি, শ্রুতি হাসানের ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের কৌতূহল নিরন্তর।

গত চার বছর ধরে অসমের জনপ্রিয় ইলাস্ট্রেটর শান্তনু হাজারিকার সঙ্গে সম্পর্কে ছিলেন শ্রুতি। মাঝেমধ্যেই সামাজিকমাধ্যমে তাদের একসঙ্গে তোলা ছবিও দিতেন শ্রুতি। একত্রবাস করতেন তারা। সম্প্রতি তাদের বিয়ের গুঞ্জনও শোনা যায়। কিন্তু আচমকাই ভেঙে যায় শ্রুতি-শান্তনুর সম্পর্ক। যার দরুন মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে একে অন্যকে আন ফলো করার পর প্রেম ভাঙার গুঞ্জন ছড়িয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে শ্রুতি কোনা কোনো মন্তব্য করতে রাজি হননি। শান্তনুও মুখ খোলেননি। ইতিমধ্যে ইনস্টাগ্রাম থেকে শান্তনুর সব ছবি মুছে ফেলেছেন শ্রুতি হাসান। সবকিছু ভুলে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়ে অতীতের সবকিছু ভুলে থাকতে চান তিনি।

এদিকে বিয়ে না করেই মা হতে চাওয়ায় নতুন করে আলোচনায় আসেন শ্রুতি। এই অভিনেত্রী বলেন, ‘বিয়ের ধারণাটি আমার কাছে খুবই ভয়ের।’ যদিও আনুগত্য ও প্রতিশ্রুতির প্রতি বিশ্বাসী, তবে সম্পর্ককে কাগজের একটি টুকরোর মাধ্যমে আইনি স্বীকৃতি দেওয়াটা অস্বস্তিকর মনে করেন তিনি। শ্রুতি জানান, সন্তানের যথাযথ লালন-পালনের জন্য দুই অভিভাবকের উপস্থিতি গুরুত্বপূর্ণ। তবে ভবিষ্যতে মাতৃত্বের স্বাদ নিতে দত্তক নেওয়ার কথাও বিবেচনা করছেন অভিনেত্রী।

শ্রুতি স্কুলজীবন থেকেই পিয়ানো বাজাতেন, গিটার হাতে গান লিখতেন। প্লে-ব্যাকও করেছেন শিশু বয়সে। পড়াশোনার জন্য লন্ডনে গিয়ে সংগীতশাস্ত্রে ডিগ্রিও নিয়েছেন। সংগীতই ছিল তার প্রথম প্রেম। নিজের রক ব্যান্ড দ্য এক্সট্রিম নিয়ে নিয়মিত কনসার্ট করেছেন, একাধিক ইংরেজি গানও প্রকাশ করেছেন তিনি। ২০০০ সালের শুরুর দিকে অনেকেই ভাবছিলেন, শ্রুতি হয়তো ভারতীয় সংগীত জগতে স্থায়ী হয়ে যাবেন। কিন্তু নিয়তি তার জন্য সাজিয়ে রেখেছিল সিনেমার মঞ্চ। ২০০৯ সালে বলিউডের ‘লাক’ ছবির মাধ্যমে তিনি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। এই সিনেমায় তার সহশিল্পী ছিলেন ইমরান খান, সঞ্জয় দত্ত, রবি কিষাণের মতো অভিনয় শিল্পীরা। প্রথম ছবিটি প্রত্যাশিত সাফল্য না আনলেও, শ্রুতি ভেঙে পড়েননি; বরং চ্যালেঞ্জটা গ্রহণ করেছিলেন নিজের মতো করেই। এরপর দক্ষিণী সিনেমায় পা রাখার পরেই শুরু হয় আসল চলচ্চিত্র যাত্রা।