নীলফামারী সদরে বালুবোঝাই ট্রাক্টরের চাপায় রাশেদুল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম কচুকাটা বড়বাড়ি এলাকার মাহাবুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কচুকাটা বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন রাশেদুল। পথে নীলফামারীগামী দুটি বালুবোঝাই ট্রাক্টরকে অতিক্রমের সময় তার মোটরসাইকেলটি সামনের ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে উল্টে পড়েন তিনি। এ সময় পেছনে থাকা আরেকটি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ জানান, ঘটনার পরপরই ট্রাক্টর আটক করা হলেও চালক পালিয়ে গিয়েছে।