সাদা পাথর লুটের ঘটনায় যে দলের-ই হোক অথবা প্রশাসনেরই যতবড় কর্মকর্তা হোক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান।
শুক্রবার (২২ আগস্ট) সকালে সিলেটের গোয়াইনঘাটে সাদা পাথর এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
সাদা পাথর, জাফলং, বিছানাকান্দি ও রাতারগুলসহ পুরো পর্যটন এলাকাকে সিসিটিভির আওতায় আনা হবে। একইসঙ্গে এলাকার সড়ক অবকাঠামো উন্নয়ন ও বিশেষ প্যাকেজ কর্মসূচির মাধ্যমে পর্যটন কেন্দ্রগুলোকে আরও আকর্ষণীয় করে গড়ে তোলারও পরিকল্পনার কথা জানান তিনি।
পাথর লুটের ঘটনায় চারদিকে আলোচনার মধ্যেই নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম ও বিভাগীয় কমিশনারের সাথে সাদা পাথর পরিদর্শনে আসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সে যেই হোক, খুঁজে বের করে আইনের আওতায় আনা হচ্ছে।
খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লুট হওয়া পাথর পুরোপুরি আগের অবস্থায় ফিরে না এলেও ক্ষতি পুষিয়ে নিতে পাথর পুনরুদ্ধার ও প্রতিস্থাপনের কাজ চলছে। তিনি বলেন, সবাই এখন সক্রিয়, একসঙ্গে কাজ করছে। এটা যদি আগে হতো, তাহলে এই অবস্থা হতো না।
সিলেটের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম জানান, লুট হওয়া পাথর খুঁজে বের করা ও দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। অতি দ্রুত পুরো এলাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে।
এদিকে, সাদা পাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটের ঘটনায় গঠিত উচ্চতর তদন্ত কমিটি আগামী ১০ দিনের মধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন জমা দেবে।
