বিসিসিআইয়ের একাধিকবার বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন পুলিশের অনুমতি না পাওয়ায় নারী ওয়ানডে বিশ্বকাপের ভেন্যুর তালিকা থেকে বাদ পড়ল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম। এতে বদলে যাচ্ছে বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু। আগামী ২৬ অক্টোবর বেঙ্গালুরুর বদলে নাভি মুম্বাইয়ে হবে ম্যাচটি।
সূচিতে আরও কিছু পরিবর্তন এসেছে, তাতে প্রভাব পড়েছে বাংলাদেশের তিন ম্যাচে। ১০ অক্টোবর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচ ভিজাগের পরিবর্তে হবে গুয়াহাটিতে। ২০ অক্টোবর কলম্বোতে নির্ধারিত শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের ম্যাচটি হচ্ছে নাভি মুম্বাইয়ে।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বিশ্বকাপের সূচিতে কোনো পরিবর্তন আসছে না। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে আট দলের এই টুর্নামেন্ট। নতুন সূচি শিগগিরই প্রকাশ করা হবে। ফলে ভারত পর্বে তিন ভেন্যু—ইন্দোর, বিশাখাপত্তম, গুয়াহাটির সঙ্গে যোগ হলো নাভি মুম্বাই। বিশ্বকাপে অংশ নেওয়া সব কটি দলকে বিসিসিআই আজ এ তথ্য জানিয়েছে।
এ ছাড়া বেঙ্গালুরুতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার উদ্বোধনী ম্যাচ, সেমিফাইনাল ও সম্ভাব্য ফাইনাল ম্যাচও হওয়ার কথা ছিল (যদি পাকিস্তান ফাইনালে না ওঠে)। পাকিস্তান ফাইনালে উঠলে শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে ফাইনাল। পাকিস্তানের বাকি ম্যাচগুলোও হবে সেখানে।
গত জুনে বেঙ্গালুরুতে আইপিএল শিরোপা উদযাপনের সময় পদদলিত হয়ে ১১ দর্শকের মৃত্যু হয়। তারপর রাজ্য সরকার বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি ও কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে এর জন্য দায়ী করে এবং ঘটনার তদন্তে এক সদস্যের একটি কমিটি গঠন করে। সেই কমিটি স্টেডিয়ামটিকে ‘অরক্ষিত’ ঘোষণা করার পর থেকে কোনও বড় ম্যাচ আয়োজনের অনুমতি পায়নি কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। সম্প্রতি বিসিসিআই সময় দিলেও তারা সেই অনুমতি আদায় করতে পারেনি।