মেসির শহরে বার্সেলোনার ম্যাচের বিরোধিতায় ২০ অধিনায়ক

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০২:১২ পিএম

অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের মাটিতে লা লিগার ম্যাচ আয়োজন করার চেষ্টা করে যাচ্ছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। স্পেনের শীর্ষ এই লিগকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশে ছড়িয়ে দিয়ে বাড়তি আয়ের জন্যই ২০১৮ সাল থেকে তারা এই চেষ্টা করে আসছে। তবে চলতি লিগের একটি ম্যাচ ঘিরে স্পেনের পেশাদার ফুটবলারদের সংগঠনের (এএফই) বিরোধিতার মুখে পড়ল তারা।

আগামী ২০ ডিসেম্বর লিওনেল মেসির শহর মায়ামিতে তার সাবেক ক্লাব বার্সেলোনার মুখোমুখি হওয়ার কথা আছে ভিয়ারিয়ালের। প্রস্তাবিত ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা মায়ামির ৬৫ হাজার ধারণক্ষমতার হার্ড রক স্টেডিয়ামে। তবে গত রাতে অধিনায়কদের বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এএফই। সংগঠনটির দাবি, ফেডারেশন এ বিষয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। তাই ফুটবলাররা এই প্রস্তাবে সমর্থন দিচ্ছে না।

এক বিবৃতিতে এএফই বলেছে, ‘লা লিগার ক্লাবগুলোর অধিনায়কদের সমর্থনে আমরা স্পেনের বাইরে লিগ ম্যাচ আয়োজনের বিরোধিতা করছি। খেলোয়াড়দের সঙ্গে আলোচনা না করেই এমন সিদ্ধান্ত নেওয়া অসম্মানজনক। তাছাড়া এর ফলে শুধু খেলার কাঠামোতেই পরিবর্তন আসবে তা নয়; বরং খেলোয়াড়দের নিজ দেশ ছেড়ে লম্বা পথ ভ্রমণ করতে হবে, যা তাদের কর্মক্ষেত্র এবং পারফর্মেন্সে প্রভাব ফেলবে।’

উল্লেখ্য, মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গত বছর কোপা আমেরিকার ফাইনাল ও এ বছর ফিফা ক্লাব বিশ্বকাপের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফুটবলকে জনপ্রিয় করতে এসব উদ্যোগে বেশ আগ্রহী যুক্তরাষ্ট্রও। ইতোমধ্যে বার্সা-ভিয়ারিয়াল ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজন করতে উয়েফা ও ফিফার অনুমতি চেয়ে চিঠিও পাঠিয়েছে আরএফইএফ। তবে দুটি সংস্থার কোনোটিই এখন পর্যন্ত সাড়া দেয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত