কিশোরগঞ্জ মূল শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক যুবকের হাত বাঁধা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত হোটেল গোল্ডেন পার্ক নামের আবাসিক হোটেল থেকে এ মরদেহটি উদ্ধার হয়। নিহত ব্যক্তির নাম মো. নাহিদ খান অভি (৩৪)। সে তাড়াইল উপজেলার তালজাঙ্গা এলাকার আবদুল হক খানের ছেলে বলে জানা যায়।
হোটেল কর্তৃপক্ষ জানায়, নাহিদ গত মঙ্গলবার (১৯ আগস্ট) রাত দেড়টায় হোটেলের ৩০৪ নম্বর কক্ষে ওঠে। বৃহস্পতিবার সারা দিন হোটেল কক্ষ থেকে নাহিদকে বের হতে না দেখে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পুলিশে খবর দেন হোটেল কর্তৃপক্ষ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষটির ভেতরে প্রবেশ করে এবং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পায়। এ সময় মরদেহের দুই হাত গামছা দিয়ে বাঁধা ছিল।