ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির নেতৃত্বাধীন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সর্ব মিত্র চাকমা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গুজব রটনাকারীদের উদ্দেশে মন্তব্য করেছেন।
শুক্রবার (২২ আগস্ট) নিজের ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন—
‘আজ দুটি গুজব শুনলাম—
১. আমি নাকি ৫০ হাজার টাকার বিনিময়ে ছাত্রশিবিরের সঙ্গে চুক্তি করেছি।
২. বিদেশে স্কলারশিপ পাইয়ে দেওয়ার শর্তে আমি নাকি শিবিরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছি।
গুজব রটাতে হলে অন্তত পরিমাণটা একটু বাস্তবসম্মত করুন। গরুর দামই এখন লাখ টাকা—তাহলে আমাকে ৫০ হাজারে কেনা যাবে কীভাবে?
আরেকটা বিষয়, আমি বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছি। তাই বিদেশে স্কলারশিপ নয়, বরং বিসিএসের প্রসঙ্গ বলাই ভালো।
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো— ভবিষ্যতে যদি আমার বিষয়ে প্রোপাগান্ডা ছড়ান, আগে আমার কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন। নিরাশ করব না।’
তার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।