এ বছর আলু উৎপাদন বেশি হওয়ায় কৃষকরা আলুর দাম পাচ্ছেন না। কৃষকদের ক্ষতি কমাতে সরকারিভাবে কিছু আলু কেনা হবে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল গতকাল শনিবার রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বিভিন্ন গবেষণা ও প্রক্রিয়াজাত কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা জানান এই উপদেষ্টা।
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, সবজির দাম বাড়তির দিকে হলেও আলুর দাম কম। কৃষকরা এ বছর আলুর দাম পাচ্ছেন না। তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেজন্য সরকারিভাবে কিছু আলু কেনার পরিকল্পনা রয়েছে। তিনি এ সময় কৃষকদের ক্ষতি কমাতে কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর দাম নির্ধারণ করার বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথাও জানান।
উপদেষ্টা বলেন, বিএডিসির টিস্যু কালচার কেন্দ্রে আলু, আনারস, খেজুর, বিভিন্ন ফুলের টিস্যু কালচার করা হচ্ছে। আমরা খেজুর আমদানি করে আনি। স্থানীয়ভাবে এ প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত চারা ব্যাপকভাবে ছড়িয়ে দিলে আমদানি নির্ভরতা কমবে। নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশ থেকে চড়া মূল্যে আলু বীজ ক্রয় করতে হয়। দেশে উন্নত জাতের আলু বীজ উৎপাদন করতে পারলে দেশের
কৃষির জন্য তা ভালো হবে। বিএডিসি টিস্যু কালচার ল্যাবের মাধ্যমে সে কাজ করছে বলে জানান তিনি।
সম্প্রতি বাজারের সবজির দাম বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বৃষ্টির জন্য সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজির বাজারে তার প্রভাব পড়েছে। আবহাওয়া স্বাভাবিক হয়ে গেলে এ সমস্যা থাকবে না।
পাট বীজের আমদানি নির্ভরতা কমানো প্রসঙ্গে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পাট বীজ হতে অনেক সময় লাগে। এ সময়ে কৃষক দুই তিনবার ধান ওঠাতে পারেন। কৃষক সেটাই চাষ করেন যেটাতে তারা লাভবান হন। তাছাড়া বীজের জন্য পাট রাখলে আঁশের মানও কমে যায়। দেশে যেহেতু জমির পরিমাণও কম তাই স্থানীয়ভাবে পাট বীজ উৎপাদন করে চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না।
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের প্রধান উপদেষ্টা যে সময়সীমা নির্ধারণ করেছেন, আমরা সেভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং নির্বাচনকালীন সময়ে আমাদের পূর্ণ প্রস্তুতি থাকবে।
নির্বাচন ঘিরে সামাজিকমাধ্যমে নানান ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে এখন বাক ও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আপনারা কিন্তু আগে অনেক কিছু প্রকাশ করতে পারেননি। এখন সবাই যার যার মতো করে প্রকাশ করতে পারেন।
পরিদর্শনকালে উপদেষ্টা বিএডিসির বিভিন্ন গবেষণা কেন্দ্র, হিমাগার ও অবকাঠামো পরিদর্শন করেন। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান উপস্থিত ছিলেন।