আবার বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাই বাঁধের গেট খুলে দেওয়ার তৃতীয় দিনের মাথায় আবার বন্ধ করে দেওয়া হয়েছে বাঁধের সবকটি জলকপাট। এর আগে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছায় গত ২০ আগস্ট রাত ৮টায় বাঁধের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়।

পরে পানির স্তর কমে আসায় গতকাল শনিবার বিকেল ৫টায় সবকটি গেট বন্ধ করে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, উজান থেকে পানির ঢল কমে আসায় এবং ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনসহ সব বিষয় চিন্তা করে বাঁধের গেট বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে প্রথম দফায় গত ৫ আগস্ট কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌঁছে যাওয়ায় সবকটি গেট খুলে দেওয়া হয়। সেই সময় এক সপ্তাহের ব্যবধানে সাড়ে তিন ফুট পর্যন্ত গেট খোলা রাখার পর গত ১২ আগস্ট সবকটি জলকপাট বন্ধ করে দেওয়া হয়।