কুমিল্লায় এলজিসহ এক ব্যক্তি গ্রেপ্তার

কুমিল্লার নাঙ্গলকোটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এলজিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার দৌলখাঁড ইউনিয়নের বাম (মজুদারপাড়া) গ্রামে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার আজিম মাহমুদ খোকন (৪৪) ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম-নাঙ্গলকোট সেনা ক্যাম্পের সদস্যদের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হয়। অভিযানে আজিম মাহমুদের বাড়ি থেকে একটি এলজি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তিনি আরও বলেন, অস্ত্র আইনে মামলার পর আজিম মাহমুদকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এ বিষয়ে আজিম মাহমুদের পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।