নেপালকে তিন গোলে হারালো বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দেশের হয়ে গোলগুলো করেন থুইনুয়ে, প্রীতি ও রিয়া। দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছে ভারত। ভারতের হয়ে হ্যাটট্রিক করেন আনুশকা কুমারি।

ভুটানের চ্যাংলিমিথান স্টেডিয়ামে শুরু থেকেই নেপালের উপর চড়াও হয় কোচ মাহবুবুর রহমান লিটুর দল। একের পর এক আক্রমণও শানাতে থাকেন প্রীতি-আলপিরা। তবে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন নেপাল গোলরক্ষক লক্ষ্মী ওলি। দুই দফায় লক্ষ্যভ্রষ্ট শটে গোলের সুযোগ হারান সুরভী আকন্দ প্রীতি। এর পর অন্তত তিনবার গোলে নেওয়া শট ঠেকিয়ে দেন ওলি। নেপালের ইয়াম কুমারিও একবার পরীক্ষা নেন ইয়ারজান বেগমের।

অবশেষে ৪১ মিনিটে আসা প্রথম গোলের সুবাদে লিড পায় বাংলাদেশ। বাঁ প্রান্ত থেকে বাড়ানো মামনি চাকমার পাস থেকে জটলার মধ্যে সুযোগ পেয়েও শট নিতে ব্যর্থ হন আলপি আক্তার। বল ক্লিয়ার করার চেষ্টা করেন নেপালের ডিফেন্ডার। তবে সেই প্রচেষ্টা সফল হয়নি। বক্সের মধ্যেই বল পেয়ে যান থুইনুয়ে মারমা। ডান প্রান্তের টপ বারে দারুণ শটে জালভেদ করেন তিনি।

৪৫ মিনিটে দলকে দ্বিতীয় গোল এনে দেন সুরভী আকন্দ প্রীতি। এ যাত্রায় নিজেদের অর্ধ থেকে উড়িয়ে সামনের দিকে পাস বাড়ানো হয়। ওলি বক্স থেকে বেরিয়ে ক্লিয়ার করতে চাইলে তাকে চ্যালেঞ্জ করেন আলপি। দুজনই যখন বল খুঁজছেন তখন দৌড়ে এসে সেটি নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে থেকেই দুই ডিফেন্ডারের মধ্য দিয়ে জালে পাঠান প্রীতি। যোগ করা সময়ের শেষ মুহূর্তে সুন্দর ফ্রি কিক নিলেও সেটি গোলে রাখতে পারেননি তিনি।

দ্বিতীয়ার্ধের পুরোটা সময় গোলশূন্য থাকে দুই দল। তিনবার বাংলাদেশের শট আটকে যায় নেপালের গোলবারে লেগে। তবে তৃতীয় সাফল্য আসে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুল পাসের সুযোগে বল নিয়ে আক্রমণে ওঠেন প্রীতি। সামনে এগিয়ে ঠেলে দেন বদলি নামা রিয়ার দিকে। রিসিভ করে প্রথমে গোলকিপার ও পরে আরেক ডিফেন্ডারকে কাটিয়ে স্কোরশিটে নাম তোলেন রিয়া।  বাংলাদেশের পরের ম্যাচ বুধবার, ফের নেপালের বিপক্ষেই।