যুক্তরাষ্ট্রের সঙ্গে ডাক স্থগিতের ঘোষণা ভারতের

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণে আগামী ২৫ আগস্ট থেকে দেশটির সব ধরনের ডাক পরিষেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভারত। গত শনিবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে ভারতের ডাক অধিদপ্তর। বিবৃতিতে জানানো হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী আগামী ২৯ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব আন্তর্জাতিক ডাক পণ্যের ওপর শুল্ক আরোপিত হবে। এই শুল্ক দেশটির আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের (আইইইপিএ) শুল্ক কাঠামো অনুযায়ী নির্ধারিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে জারি করা নির্বাহী আদেশ নম্বর ১৪৩২৪ অনুযায়ী, ৮০০ ডলার পর্যন্ত মূল্যের আমদানিকৃত পণ্যে যে শুল্ক ছাড় দেওয়া হতো, তা বাতিল করা হয়েছে। তবে, চিঠি, নথি ও ১০০ ডলার পর্যন্ত মূল্যের উপহারসামগ্রী শুল্কমুক্ত থাকবে। এই পরিবর্তনের পেছনে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনাকে কারণ হিসেবে ধরা হচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর পাশাপাশি, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ জরিমানাও আরোপ করেছেন তিনি।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বলছে, এই স্থগিতাদেশ সাময়িক। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিগগিরই এ পরিষেবা ফের চালু করতে চায় নয়াদিল্লি। নতুন আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষা (সিবিপি) কর্র্তৃক অনুমোদিত পরিবহন সংস্থাগুলোকে ডাক মালামালের ওপর শুল্ক সংগ্রহ ও জমা দিতে হবে। এর ফলে, যুক্তরাষ্ট্রে পণ্য পরিবহনকারী বিমান সংস্থাগুলো জানিয়েছে, কারিগরি ও প্রযুক্তিগত প্রস্তুতির অভাবে তারা ডাক পণ্য গ্রহণ করতে পারবে না। ডাক অধিদপ্তর বিবৃতিতে আরও জানিয়েছে, গ্রাহকদের এই অসুবিধার জন্য ডাক অধিদপ্তর গভীরভাবে দুঃখিত ও আমরা দ্রুততম সময়ে যুক্তরাষ্ট্রে পূর্ণ পরিষেবা পুনরায় চালু করার জন্য সব ধরনের সম্ভাব্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পরিষেবা স্বাভাবিক করার জন্য কাজ করে যাওয়ার কথা জানিয়েছে ভারতের ডাক অধিদপ্তর।