আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ভারত সফরে একটি প্রীতি ম্যাচ খেলবেন লিওনেল মেসিরা। প্রতিপক্ষ এখনো ঠিক না হলেও বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের ভারতে আনার জন্য মোটা অংকের টাকা ঢালতে হবে আয়োজকদের। তা মেসির আর্জেন্টিনাকে আনতে কত খরচ পড়ছে ভারতের?
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’ জানিয়েছে, মাত্র এক ম্যাচ খেলেই ১৩০ কোটি রুপি নেবে আর্জেন্টিনা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৮১ কোটি টাকা। ম্যাচ মাঠে গড়ানোর কয়েক মাস আগেই পুরো অর্থ পরিশোধ করার শর্ত দিয়েছিল আর্জেন্টিনা। কেরালা সরকারের বাণিজ্যিক অংশীদার রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি সেই অর্থ গত ডিসেম্বরেই পরিশোধ করেছে। এতদিন পর এসে সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছ এএফএ।
উল্লেখ্য, আন্তর্জাতিক বিরতিতে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলতে আর্জেন্টিনাই এখন সবচেয়ে বেশি অর্থ দাবি করে। ভারতের ক্ষেত্রেও তাই হয়েছে। দেশটির গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান নিশ্চিত করেছেন যে, চোটাঘাত না থাকলে এই ম্যাচে মেসি খেলবেন।