ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শুরু থেকে ছন্দে ছিলেন না সাকিব আল হাসান। অবশেষে তিনি স্বরূপে ফিরেছেন অল-রাউন্ডারের ভূমিকায়। অ্যান্টিগার হয়ে গতকাল সেন্ট কিটসের বিপক্ষে অল-রাউন্ড পারফরমেন্সে হয়েছেন ম্যাচসেরা, যা এই ফরম্যাটে তার ৪৪তম। ছুঁয়েছেন টি-টোয়েন্টিতে পাঁচশ উইকেটের মাইলফলক। খেলা শেষে জানিয়েছেন নিজের অনুভূতি।
এদিন প্রথম ইনিংসে সেন্ট কিটসের মেরুদণ্ড ভেঙে দেন সাকিব। ২ ওভার বল করে ১১ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন তার উইকেটসংখ্যা ৫০২টি। এই ফরম্যাটে পাঁচশ উইকেট শিকারী পঞ্চম বোলার তিনি। এরপর রান তাড়ায় ব্যাট হাতেও খেলেন ১৮ বলে ১ চার ২ ছক্কায় ২৫ রানের কার্যকর ইনিংস। ২ বল হাতে রেখে তার দল অ্যান্টিগা জিতে যায় ৭ উইকেটে।
ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে সাকিব বলেন, ‘দলের জন্য অবদান রাখতে পারা অবশ্যই দারুণ অনুভূতি, বিশেষ করে যখন দলের জয়ে সাহায্য করতে পারেন। এটি আত্মবিশ্বাস জোগায়, তাই আশা করি আমি তা ধরে রাখতে পারব। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্ব সামনে আসছে। ক্রিকেট প্রতিদিনই বদলাচ্ছে। দশ বছর আগের তুলনায় খেলা এখন অনেক দ্রুততর, তাই উন্নতি করে যেতে হবে এবং মানসিকতা নিয়েও কাজ করতে হবে।’
অভিজ্ঞ এই অল-রাউন্ডার স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং তিন সন্তানকে নিয়ে সিপিএল খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গেছেন। পরিবারের বিষয়ে সাকিব বলেন, ‘আমার পরিবার সবসময় আমার সঙ্গে ভ্রমণ করে। তিনটি সন্তানকে নিয়ে বিষয়টি সহজ নয়, বিশেষ করে তাদের স্কুল থাকার কারণে। তবে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে, তাই তারা এখানে আছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাছাকাছি পরিবার থাকা সত্যিই সবকিছুকে আরও স্বস্তিদায়ক করে তোলে।’
ভিনিসিয়ুসকে বদলি নামানো কীসের ইঙ্গিত?
এমবাপ্পে-ভিনিসিউসের নৈপূণ্যে রিয়াল মাদ্রিদের দাপুটে জয়
ব্রাজিল দল ঘোষণার আগে ফের চোটে নেইমার