এশিয়া কাপের আগমুহূর্তে স্পনসর নিয়ে জটিলতায় পড়েছে ভারতীয় ক্রিকেট দল। কয়েক দিন আগে নতুন ‘অনলাইন গেমিং বিল’ পাশ করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। তার ফলে অনলাইনে টাকার বিনিময়ে খেলা হয় এমন সব ধরনের অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছে। তাই ভারতীয় দলের স্পনসর ‘ড্রিম ১১’ সরে যেতে চাইছে। এমতাবস্থায় দুটি প্রতিষ্ঠান নাকি স্পনসর হওয়ার আগ্রহ দেখিয়েছে।
‘এনডিটিভি’ জানিয়েছে, ভারতীয় দলের স্পনসর হতে চায় টয়োটা মোটর কর্পোরেশন ও ফিনটেক স্টার্ট আপ সংস্থা। যদিও ভারতীয় বোর্ড এখনো দরপত্রের কার্যক্রম শুরু করেনি। এশিয়া কাপের আগে দরপত্রের সম্ভাবনা কম হলেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, জার্সিতে কোনো স্পনসরের লোগো না থাকলে সেটা ভারতীয় দলের জন্য ভালো কিছু হবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা।
জানা গেছে, ইতিমধ্যেই ‘ড্রিম ১১’ লোগো সম্বলিত জার্সি তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই জার্সি পরে সূর্যকুমাদের আর খেলা হচ্ছে না। অর্থাৎ, নতুন জার্সি তৈরি করতে হবে। সেখানে কোনো স্পনসরের নাম থাকবে কি না, সেদিকেই সবার আগ্রহ। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ইতোমধযএ নাকি ‘ড্রিম ১১’ বোর্ডকে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেছেন, ‘ড্রিম ১১-এর প্রতিনিধিরা ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিসে এসেছিলেন। বোর্ডের সিইও হেমাঙ্গ আমিনের সঙ্গে দেখা করে তারা বলেছেন যে, জাতীয় দলের স্পনসর হিসাবে ড্রিম ১১ আর থাকতে পারবে না। ফলে এশিয়া কাপে দলের কোনো প্রধান স্পনসর থাকবে না। খুব তাড়াতাড়ি বোর্ড নতুন স্পনসরের জন্য দরপত্র আহবান করবে।’
বিসিসিআইয়ের আরেক কর্মকর্তা বলেছেন, মাঝপথে চুক্তি ভাঙায় ‘ড্রিম ১১’ কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। কারণ বোর্ডের সঙ্গে তাদের চুক্তিতে লেখা ছিল, যদি সরকারের কোনো নীতির কারণে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা চুক্তি থেকে সরে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। উল্লেখ্য, ২০২৩ সালের জুলাই মাস থেকে ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর ‘ড্রিম ১১’। চুক্তি ছিল তিন বছরের।