শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝে গেছেন, এই একমাত্র ক্রিকেটারটি হবেন কোনো অল-রাউন্ডার। সেই অল-রাউন্ডার যে সাকিব আল হাসান, সেটা আর আলাদা করে বলার কী আছে? দেশের হয়ে টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও তার ধার যে কমেনি, সেটা যেন গতকাল আরও একবার দেখালেন বাংলাদেশের এই সুপারস্টার। এই ফরম্যাটে পাঁচশ উইকেট শিকার করে নিজেকে নিয়ে গেলেন অন্য উচ্চতায়।
গতকাল রবিবার রাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে অল-রাউন্ড পারফর্মেন্স করেন সাকিব। বল হাতে ২ ওভারে ১১ রানে নেন ৩ উইকেট, ব্যাট হাতে করেন ১৮ বলে ২৫ রান। ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতে। এর মাধ্যমে সাকিব বিশ্বের পঞ্চম বোলার ও প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচশ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন।
সাকিবের আগে এই কীর্তি গড়েছেন রশিদ খান, ডোয়েন ব্র্যাভো, সুনীল নারাইন ও ইমরান তাহির। তবে একটি বিশ্বরেকর্ডে সাকিবের একচ্ছত্র মালিকানা। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ হাজার রান এবং ৫০০ উইকেটের যুগলবন্দির একমাত্র কীর্তি সাকিবের। বাংলাদেশি সুপারস্টারের টি-টোয়েন্টি রান ৭ হাজার ৫৭৪ এবং উইকেটের সংখ্যা ৫০২। ৪৮৭ উইকেট আর ৯ হাজার ৩৬১ রান নিয়ে তার পরেই আছেন আন্দ্রে রাসেল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও একটা রেকর্ড রয়েছে সাকিবের। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি দেশের হয়ে ১০০ বা তার বেশি উইকেট নেওয়ার পাশাপাশি ২৫০০ বা তার বেশি রান করেছেন। বাংলাদেশের হয়ে ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়েছেন সাকিব, করেছেন ২ হাজার ৫৫১ রান। বিশ্বে ১০০ বা তার বেশি উইকেট নেওয়া অন্য কোনো ক্রিকেটারের হাজারের বেশি রানও নেই।
ভারতের বিপক্ষে দুটি ম্যাচই জয়ের ঘোষণা হারিস রউফের
‘টি-টোয়েন্টি ম্যাচে লম্বা ইনিংস’ খেলার চেষ্টা করছেন বুলবুল
ভিনিসিয়ুসকে বদলি নামানো কীসের ইঙ্গিত?