জামালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইমান মুনদিল নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের চর গোলাবাড়ি পশ্চিম নামাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশু ইমান মুনদিল ওই এলাকার সাকিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিহত শিশু ইমান মুনদিল বাড়ির উঠানে খেলা করছিল। খেলাধুলার একপর্যায়ে সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে উঠানে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে মৃত অবস্থায় ভাসতে দেখে মরদেহ উদ্ধার করেন। 

জোড়খালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম তরফদার বলেন, সকালে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। 

মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, পুকুরে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।