নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া ডুমুরিয়া নলামারা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আল মামুন হত্যার প্রতিবাদে সহপাঠী, এলাকাবাসী ও স্বজনরা মানববন্ধন করেন।
সোমবার সকাল এগারোটায় উপজেলার যোগানিয়া বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে পরিবার ও সহপাঠীরা দাবি করেন, এলাকার কিশোর গ্যাংয়ের প্রধান শিমুল নন্দী ও তার সহযোগীদের বিরুদ্ধে নড়াগাতী থানায় হত্যা মামলা হলেও পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। উল্টো নিহত আল মামুনের পরিবার হুমকির মুখে পড়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত আল মামুনের বাবা মো. হাবিবুর রহমান মোল্লা, বড় বোন মুসলিমা, ভাবি কারিমা ইসলাম, জাকিয়া সুলতানা, সহপাঠী তামিম ইকবাল, আব্দুল আজিম, মিনহাজুল ইসলাম, শিক্ষক শামীম আহমেদ ভূঁইয়া, খাইরুল ইসলামসহ অনেকে।
গত ২২ জুলাই স্কুলশিক্ষার্থী আল মামুনকে যোগানিয়া বাজারের প্রহ্লাদের সেলুনে কাঁচি দিয়ে আঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্য শিমুল নন্দী।
পরে আহত আল মামুনকে উদ্ধার করে গোপালগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল মামুন ১২ আগস্ট ভোরে মারা যান।
এ ঘটনায় নিহত আল মামুনের বাবা ১৩ জনের নাম উল্লেখ করে ১১ আগস্ট নড়াগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ কারণে হতাশা প্রকাশ করেছেন সহপাঠী ও পরিবারের লোকজন। তাদের দাবি—অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।
