মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অবৈধ জাল ব্যবহার, জাটকা নিধন পুরোপুরি বন্ধ না হওয়া এবং জলবায়ু পরিবর্তন ও নদীর নাব্যতা সংকটসহ বিভিন্ন প্রাকৃতিক কারণে দেশে ইলিশের উৎপাদন কমেছে।
সোমবার (২৫ আগস্ট) বরিশাল ক্লাব মিলনায়তনে “উপকূলীয় এলাকায় মহিষের চারণভূমি সংকুচিত হওয়া, উন্নয়নের সম্ভাবনা ও সমাধান” শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “কারেন্ট জাল ও অন্যান্য অবৈধ জালের কারণে ইলিশের প্রাপ্যতা দিন দিন কমছে। এগুলোর বিরুদ্ধে আমরা শক্ত ব্যবস্থা নিচ্ছি। অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরা বন্ধ করছি। আশা করি আগামীতে উৎপাদন বাড়বে এবং বাজারে দামও কমবে।”
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা আরও বলেন, “ইলিশের দাম নির্ধারণের ক্ষেত্রে নদী থেকে বাজারে আসার পরে যে হাতবদল প্রক্রিয়া চলে, সেটি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।”
এসময় ফরিদা আখতার মহিষের চারণভূমি সংকট নিয়েও কথা বলেন।
তিনি বলেন, “চারণভূমি রক্ষা করে মহিষের মাংস উৎপাদন বাড়াতে পারলে দেশে মাংসের সার্বিক সরবরাহও বৃদ্ধি পাবে।”
আয়োজিত কর্মশালায় গবেষক, পশুচিকিৎসক, জেলা-উপজেলা থেকে আগত খামারি ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।