নড়াইলে বিএনপি নেতা হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

নড়াইল জেলার কালিয়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামের মাসুদ রানা হত্যা মামলায় একই উপজেলার পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাজল মোল্যাসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। 

এছাড়া আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: সেতু মোল্যা, লিংকু শেখ, সিরাজুল ইসলাম ওরফে শিপুল মোল্যা, লিঠু মোল্যা ও তপু খান ওরফে হাশিব খান। প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড না দিলে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বিভিন্ন মেয়াদের কারাদণ্ডপ্রাপ্ত ১১ জন আসামির মধ্যে প্রথম সাতজন হলো: তৈয়েবুর গাজী, হুমায়ুন মোল্যা, লিমন মোল্যা, হৃদয় খান, টনি মোল্যা, সোহাগ মোল্যা, হাসমত মোল্যা। তাদের ১০ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে; অর্থদণ্ড না দিলে ১ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অপর চারজন—নজরুল মোল্যা, রবি মোল্যা, আবুজর মোল্যা ও সম্রাট মোল্যা—এক বছরের কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড ভোগ করবেন; অর্থদণ্ড না দিলে ৭ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে।

মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২১ জনকে খালাস দেওয়া হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডালিয়া পারভীন এসব তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার পর কিছু ব্যক্তি আসামিদের মৃত্যুদণ্ড না দেয়ায় বিচারকের প্রতি ক্ষোভ প্রকাশ করে আদালত চত্বরে বিক্ষোভ করেন। তারা বিচারককে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে বিভিন্ন শ্লোগান দেন। 

উল্লেখ্য, প্রায় ৫ বছর আগে মাসুদ রানাকে প্রতিপক্ষরা নির্মমভাবে হত্যা করেছিল।