জাকসু নির্বাচন: মতবিরোধে ছাত্রদলের প্যানেল ঘোষণায় বিলম্ব 

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৭:২৯ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে এখনো প্যানেল ঘোষণা করতে পারেনি ছাত্রদল।

জাকসুর শীর্ষ পদগুলোতে মনোনয়নপত্র জমা দিয়েছেন একাধিক নেতা-কর্মী। তাদের মধ্যে নিজের পছন্দের অনুসারীকে প্রার্থী বানানোর প্রতিযোগিতা চলছে, যার কারণে কোন পদে কাকে প্রার্থী করা হবে তা নির্ধারণে শীর্ষ নেতাদের মধ্যে ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়নি। এতে প্যানেল ঘোষণা বিলম্বিত হচ্ছে।

নির্বাচন আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২১ আগস্ট, আর প্রত্যাহারের শেষ দিন ২৮ আগস্ট। ইতিমধ্যে ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত দুটি পৃথক প্যানেল ঘোষণা করা হয়েছে। বামপন্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মিলিয়ে নির্বাচনে অন্তত ছয়টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।

গত ৮ আগস্ট শাখা ছাত্রদলের বর্ধিত কমিটি ও ১৭টি আবাসিক হলের শাখা কমিটি ঘোষণার পর থেকেই সংগঠনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। 

শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা দুই গ্রুপে বিভক্ত। বিষয়টি সমাধান করতে কেন্দ্রীয় ছাত্রদলের কয়েকজন নেতা ১৭ আগস্ট ক্যাম্পাসে আসেন, কিন্তু দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও বাগবিতণ্ডার ঘটনা ঘটে। পরের দিন ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনায় বিক্ষুব্ধ নেতা-কর্মীদের মধ্যে থেকে পাঁচজনকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়।

শীর্ষ নেতারা তাদের অনুসারী প্রার্থীকে শীর্ষ পদে দেখতে চান। শাখা ছাত্রদলের সূত্রে জানা গেছে, ভিপি, জিএস ও এজিএস পদে “সুপার টেন” নেতাদের নিজের অনুসারী প্রার্থী রয়েছেন। 

ভিপি পদে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন মোহাম্মদ বাবর চান হামিদুল্লাহ সালমানকে প্রার্থী করতে, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক চান আব্দুল গফফার জিসানকে, যুগ্ম আহ্বায়ক শাহ ফয়সাল চান শেখ সাদীকে, আর প্রতিবাদকারী নেতারা চান জাকিরুল ইসলামকে।

জিএস পদে আহ্বায়ক চান মেহেদি ইমনকে প্রার্থী করতে, অন্যদিকে শীর্ষ নেতারা তানজিলা বৈশাখী ও রাসেল আকন্দকেও প্রার্থী হিসেবে দেখতে চান। এছাড়া সাংস্কৃতিক জোটের সাবেক সহ-সভাপতি প্রাপ্তি তাপসীও প্যানেল থেকে শীর্ষ পদে প্রার্থী হওয়ার প্রস্তাব পেয়েছেন।

সংগঠনটির শীর্ষ নেতারা আগ্রহী প্রার্থীদের একাধিক পদে মনোনয়নপত্র জমা দিতে বাধ্য করেছেন এবং প্রত্যাহারের ফরমে স্বাক্ষর নিয়ে রেখেছেন, যাতে কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে না পারে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন বাবর দেশ রূপান্তরকে বলেন, “সবকিছু ঠিকঠাক হয়েছে। আগামীকাল প্যানেল ঘোষণা সম্ভব হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত