মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশের সঙ্গে চিহ্নিত নৌ ডাকাত দলের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৫ আগস্ট) বিকাল ৫টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনার শাখা নদীতে এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশ ও ডাকাত দলের মধ্যে শতাধিক রাউন্ড গুলিবিনিময় এবং চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বিকাল পাঁচটার দিকে গজারিয়া থানার ওসির নেতৃত্বে নদীতে অভিযান চালানো হলে তিন থেকে চারটি ইঞ্জিনচালিত ট্রলারে থাকা ডাকাত দল মহড়া শুরু করে।
এ সময় তারা চার–পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোড়ে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, ‘অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের পর থেকে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আজকের অভিযানে নদীতে নৌ ডাকাত নয়ন, রিপন, পিয়াস গ্রুপের সদস্যরা আমাদের ওপর হামলা চালায়।’
দীর্ঘদিন ধরে গুয়াগাছিয়া সংলগ্ন নদীপথ ও স্থলপথে নৌ ডাকাতি, চাঁদাবাজি, অবৈধ বালুমহাল নিয়ন্ত্রণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়ে আসছিল।
গত কয়েক মাসে নদীপথের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন নৌ ডাকাত ও জলদস্যু দলের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নৌযান শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গত শুক্রবার (২২ আগস্ট) উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়।