খুলনায় নদী থেকে বস্তাবন্দি গলাকাটা  লাশ উদ্ধার

খুলনায় নদী থেকে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির (৪৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে বটিয়াঘাটা উপজেলার কাজীবাছা নদীর ১০ গেট সংলগ্ন তেঁতুলতলা এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির মাথা, ডান হাতের কনুই ও ডান পায়ের হাঁটুর ওপর ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল বিকেল ৫টা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, দুপুর সোয়া দুইটার দিকে তেঁতুলতলা এলাকায় একটি ভরা ভাসমান বস্তা দেখে তাদের সন্দেহ হয়। বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে বটিয়াঘাটা থানায় জানানো হয়। বটিয়াঘাটা থানা বিষয়টি নৌপুলিশকে অবগত করে।

বটিয়াঘাটা থানার ওসি মোস্তফা খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা তেঁতুলতলা এলাকায় বস্তাবন্দি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে বিষয়টি নৌপুলিশকে অবহিত করা হয়। তিনি বলেন, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। লাশটি গলাকাটা ছিল।

নৌপুলিশ রূপসা ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, সংবাদ পেয়ে বস্তাবন্দি এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ছাড়া তার মাথা, ডান হাতের কনুই ও ডান পায়ের হাঁটুর ওপর ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ, পিবিআই ও  সিআইডি নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।