নারায়ণগঞ্জে সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

জনদুর্ভোগ লাঘবে নারায়ণগঞ্জের চাষাঢ়া-পঞ্চবটি-মুক্তারপুর সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের পঞ্চবটি মোড় এলাকায় ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার বলেন, বছরের পর বছর চাষাঢ়া-পঞ্চবটি-মুক্তারপর সড়কটির অবস্থা ভয়াবহ খারাপ। কোনো সুস্থ মানুষ এই সড়ক দিয়ে চলাচল করতে পারছেন না। এই সড়কের যাত্রী থেকে শুরু করে চালকরা অবর্ণনীয় কষ্টের মধ্যে আছেন। অথচ সড়কটি আজও সংস্কার করার কোনো উদ্যোগ লক্ষ করিনি। যদি দ্রুত এই সড়কটির সংস্কারকাজ শুরু করা না হয় তাহলে অবিলম্বে বড় আন্দোলনের ডাক দেব। 

মানববন্ধনে বক্তারা বলেন, সড়কটির পিচ-খোয়া উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। যেখানে প্রতিনিয়ত যানবাহন উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটছে। এতে করে যাত্রী-চালকরা প্রায়ই আহত হচ্ছেন। এছাড়া সড়কে সবসময় তীব্র যানজট লেগেই থাকে। এ থেকে আমরা দ্রুত পরিত্রাণ চাই। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, সড়কটির টেন্ডার হয়ে গেছে। আগামী মাস থেকেই সড়কটির সংস্কারকাজ শুরু হবে।