নেসকো কার্যালয়ে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুরে এক প্রকৌশলীকে হত্যার হুমকির প্রতিবাদে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) রাজশাহী কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরের হেতেমখাঁ এলাকায় নেসকোর প্রধান কার্যালয় ঘেরাও করে তারা এ কর্মসূচি পালন করেন। এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা নেসকো কার্যালয়ের সামনে জড়ো হন। সেখানে তারা ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত সোমবার রংপুর নেসকো কার্যালয়ে স্মারকলিপি দিতে যান প্রকৌশলীরা। এ সময় বুয়েট থেকে পাস করা প্রকৌশলী রুকন স্মারকলিপি গ্রহণ করলে উপস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাকে গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এমনকি তাকে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়।