৪ দাবিতে বান্দরবানে নাগরিক পরিষদের মানববন্ধন

পার্বত্য তিন জেলায় বাজারফান্ডভুক্ত জমির লিজের মেয়াদ ৯৯ বছরে উন্নীতকরণ, বন্ধ থাকা ব্যাংক ঋণ চালু, দেশের অন্য জেলার ন্যায় রাঙ্গামাটি-খাগড়াছড়ি ও বান্দরবানে ভূমি ব্যবস্থাপনা কার্যকর এবং ওই অঞ্চলে বসবাসের জন্য রাজার সনদ দেওয়ার ক্ষমতাকে বাতিল চেয়ে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, দপ্তর সম্পাদক মো. শাহজালাল, বান্দরবান জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সহসভাপতি মো. আলম, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিনসহ অন্য নেতারা। বক্তারা বলেন, দেশের অন্য জেলার তুলনায় পার্বত্য জেলায় আইন ও ভূমি ব্যবস্থাপনায় নানা সমস্যা বিদ্যমান। বাজারফান্ডভুক্ত জমি লিজ দেওয়া হলেও ব্যাংক ঋণ না পাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তারা চরম ভোগান্তিতে পড়ছে। তাই অবিলম্বে পার্বত্য জেলায় ভূমি ব্যবস্থাপনা চালু এবং রাজার সনদ বাতিল করতে হবে।