তিন মাসের জন্য দলের চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের পদ স্থগিত করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার রাতে দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির দপ্তরসংশ্লিষ্ট নেতারা।
পদ স্থগিত করে দেওয়া চিঠিতে বলা হয়, গত ২৪ আগস্ট আপনার (ফজলুর রহমান) নামে কারণ দর্শানো নোটিস জারি করা হয়। আপনি কারণ দর্শানো নোটিসের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার জন্য আবেদন করেন। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ আগস্ট কারণ দর্শানোর নোটিসের লিখিত জবাব প্রদানের জন্য পুনরায় ২৪ ঘণ্টার সময় বর্ধিত করা হয়। আপনি ২৬ আগস্ট কারণ দর্শানোর নোটিসের যে জবাব দিয়েছেন, তা সন্তোষজনক নয়। তথাপি মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।
এখন থেকে আপনি টক শো বা সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণœ না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে, সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন।
কারণ দর্শানোর নোটিসের জবাব দিয়েছেন ফজলুর রহমান : দলের কাছে কারণ দর্শানোর নোটিসের জবাব দিয়েছেন ফজলুর রহমান। গতকাল বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা। তিনি জানান, উনি (ফজলুর রহমান) এ-সংক্রান্ত চিঠির জবাব লিখিতভাবে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিয়েছেন। বিশেষ বার্তা প্রেরক সেটা জমা দিয়ে এসেছেন। এখন উনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না। অ্যাডভোকেট ফজলুর রহমান নামে নিজস্ব প্যাডে চার পৃষ্ঠার এ জবাবে দলের তরফ থেকে, যা জানতে চাওয়া হয়েছে তা বিস্তারিত ব্যাখ্যা করেছেন বলে জানান তার সহধর্মিণী। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বরাবর জবাবটি লেখা হয়েছে।
দলের কেন্দ্রীয় দপ্তরসংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, অ্যাডভোকেট ফজলুর রহমান কারণ দর্শানো নোটিসের জবাবের একটি খাম তারা পেয়েছেন। জবাবটি ২৪ ঘণ্টার মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও গত সোমবার ফজলুর রহমানের অনুরোধে আরও ২৪ ঘণ্টা বৃদ্ধি করে বিএনপি, যা গতকাল রাত ৯টায় শেষ হওয়ার কথা।
চিঠিতে যা উল্লেখ করেছেন : লিখিত জবাবে ফজলুর রহমান বলেছেন, আমিও মানুষ। আমার বক্তব্য ও উপস্থাপনায় যদি প্রমাণিত হয় কোনো ভুল বক্তব্য দিয়েছি, তবে আমি দুঃখ প্রকাশ করব। নিজের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ অস্বীকার করে তিনি লিখেছেন আমি নিজে ইসলাম ধর্ম ও আল্লাহ-রাসুলে বিশ্বাসী ব্যক্তি। তবে রাজনৈতিকভাবে ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে (যেমন জামায়াতে ইসলামী) চিরদিন কথা বলেছি, আগামীতেও বলব।
চিঠিতে তিনি বলেন, আমার প্রিয় দল বিএনপির ক্ষতি হয় এমন কোনো কথা বা কাজ আমি করিনি এবং করবও না। জাতীয়তাবাদী দলের নেতৃত্বে বিচার বিবেচনার প্রতি আমার সর্বোচ্চ আস্থা আছে। আমি আশা করি, সুবিচার পাব এবং দলের বৃহত্তর স্বার্থে যেকোনো সিদ্ধান্তের প্রতি সর্বদা অনুগত থাকব।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে অনবরত ‘বিতর্কিত’ বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে গত ২৪ আগস্ট দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিস দেয় বিএনপি। ফজলুর রহমানের ঢাকার ঠিকানায় এ নোটিস পাঠানো হয় বিশেষ বার্তা প্রেরকের মাধ্যমে।