জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই আন্দোলন ছিল দুনিয়াকে কাঁপানো গণঅভ্যুত্থান।
বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজি নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “নজরুল ছিলেন মানবতার কবি, প্রেমের কবি এবং বিদ্রোহের কবি। স্বাধীনতার সংগ্রাম, উপনিবেশবিরোধী লড়াই, নব্বইয়ের গণঅভ্যুত্থান থেকে শুরু করে সাম্প্রতিক গণআন্দোলন—প্রতিটি সময়ে তার গান ও কবিতা মানুষকে প্রেরণা জুগিয়েছে, রাজপথে নিয়ে এসেছে।”
তিনি আরও বলেন, “আমরা তার কবিতা ও গান থেকে শক্তি নিয়ে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি। নজরুলের সাহসী উচ্চারণই আমাদের বুক চিতিয়ে প্রতিরোধ গড়ে তুলতে শিখিয়েছে।”