সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, গত ১৫ বছরের দুশাসন এক-দুই বছরে শেষ করা যাবে না। আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং, আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি। সকলের কাছে আমার অনুরোধ থাকবে এই নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না হয়। সহিংসতা করলে নির্বাচন নষ্ট হয়ে যাবে।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাসিরাবাদ গ্রামে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, একটি সরকার একা দেশের জন্য কিছু করতে পারবে না। জনগণ সরকারকে সহযোগিতা করতে হবে। সকলের চেষ্টায় সুন্দর একটি দেশ গড়া সম্ভব।
তিনি আরও বলেন, মেঘনা নদীর ভাঙনে অনেক পরিবার ঘর-বাড়ি, ফসলি জমি ও জীবিকার সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। মসজিদ, মাদরাসা ও শত শত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। তিনি এসব প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে তিনি আরো বলেন, প্রশাসনের একার পক্ষে বালু উত্তোলন প্রতিরোধ সম্ভব নয়, জনসাধারণকে বালুখেকুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে তিনি জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, বাংলাদেশ হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন, জেলা প্রশাসক দিদারুল আলম, জেলা পুলিশ সুপার এহতেশামুল হক, এডিসি আবু মোছা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান, ইউএনও রাজিব চৌধুরী, সহকারী পুলিশ সুপার নবীনগর সার্কেল পিয়াস বসাক, সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর, অফিসার ইনর্চাজ শাহিনুর ইসলাম, নবীনগর প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ আরো অনেকে।