ফ্লোরিডা ডার্বিতে মেসি কি খেলবেন

২০২৩ সালে লিগস কাপ জিতেছিল ইন্টার মায়ামি। এবার সেই আসরের সেমিফাইনালে তারা মুখোমুখি হবে অরল্যান্ডো সিটির। ম্যাচটি হবে মায়ামির মাঠ চেস স্টেডিয়ামে, বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৩০ মিনিটে।

মায়ামি ভক্তদের বড় প্রশ্ন-অধিনায়ক লিওনেল মেসি কি খেলবেন এই ম্যাচে? গতকাল অনুশীলনে নামলেও আজকের একাদশে তাঁর থাকা নিয়ে নিশ্চিতভাবে বলা যায় না। তবে শুরুর একাদশে তাঁকে দেখা যাবে, এমনই আশা।

এমএলএসে চলতি মৌসুমে অরল্যান্ডোর বিপক্ষে দুই দেখাতেই হেরেছে মায়ামি, প্রথমটি ০-৩, দ্বিতীয়টি ১-৪ ব্যবধানে। সামগ্রিক লড়াইয়েও পিছিয়ে আছে তারা। ১৭ ম্যাচে মায়ামির জয় ৫টিতে, অরল্যান্ডোর জয় ৮টিতে, বাকি ৪টি ড্র। তবে যেহেতু এটি লিগস কাপের সেমিফাইনাল, তাই এবার ড্র-এর সুযোগ নেই। নির্ধারিত সময়ে ফল না এলে টাইব্রেকারে নির্ধারিত হবে ফাইনালিস্ট।

অরল্যান্ডোর বিপক্ষে ম্যাচ মানেই ফ্লোরিডা ডার্বি। ম্যাচ নিয়ে মায়ামির তারকা সার্জিও বুসকেটস বলেন, 'আমি মনে করি এটা ৫০-৫০ ম্যাচ। আমরা ঘরের মাঠে খেলছি, সেটাই আমাদের প্লাস পয়েন্ট।' সেমিফাইনালের আগে ইন্টার মায়ামিতে বুসকেটসের ভবিষ্যৎ নিয়েও গুঞ্জন উঠেছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'বার্সেলোনা ছাড়ার সময়ই জানতাম, আর স্পেন বা ইউরোপে ফিরব না। এখন বয়সও বেড়েছে। অবসরের চেয়ে খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনা কম। এখনো চুক্তি নবায়ন বা বিদায়-কোনো সিদ্ধান্ত হয়নি।'

লিগস কাপের অপর সেমিফাইনালে মুখোমুখি হবে এলএ গ্যালাক্সি ও সিয়াটল সাউন্ডার্স।