আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা আজ বৃহস্পতিবার ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। গতকাল বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংসদীয় আসন পুনর্নির্ধারণ বিষয়ে শেষ দিনের শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
রোডম্যাপ প্রকাশের সময় জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘আগামীকাল আমি আপনাদের আরও কিছু তথ্য দিতে পারব এবং কিছু অতিরিক্ত ও গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। ততক্ষণ একটু অপেক্ষা করুন।’
রোডম্যাপ প্রকাশের বিষয়ে নিশ্চিত হতে চাইলে তিনি বলেন, ‘সব কিছু যদি আজই বলে দিই, তাহলে কালকের জন্য কী রাখব? আমরা যে কর্মপরিকল্পনা তৈরি করেছি, তা আপনাদের জানাব।’
গত সপ্তাহে রোডম্যাপ প্রকাশের কথা ছিল। কিন্তু সেটি হয়নি। এ বিষয়ে তিনি বলেন, ‘এটি আমার নিজের সীমাবদ্ধতা। আমাকে স্বীকার করতে হবে, ঢাকার বাইরে থাকার কারণে কিছুটা পিছিয়ে গেছে। সম্ভবত এটি এখন আমার টেবিলে রয়েছে। আগামীকাল (আজ বৃহস্পতিবার) পর্যন্ত অপেক্ষা করুন, এক দিনের জন্য কি এতটা আটকে যাবে? আমি তো বলেছি, আরও অনেক কিছু বলার সুযোগ পাব। ততক্ষণ কৌতূহলটা থাকুক।’
তিনি বলেন, ‘সাধারণ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা থাকে। দেশে প্রথমবারের মতো নবম জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল। এরপর থেকে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে নির্দিষ্ট সময়ের আগে রোডম্যাপ প্রকাশ করে আসছে ইসি। এই কর্মপরিকল্পনায় নির্বাচন, তফসিলের আগে ও পরে কী কী কার্যক্রম হবে, তা অন্তর্ভুক্ত থাকে। এতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, নতুন দল নিবন্ধন, চূড়ান্ত তালিকা প্রকাশ, ভোটকেন্দ্র নির্ধারণ, প্রশিক্ষণ, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, নির্বাচনী সরঞ্জাম ক্রয়, ভোটার তালিকার সিডি প্রকাশ, ব্যালট পেপার তৈরি, নির্বাচনী কর্মকর্তা নিয়োগসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকে।’
সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ শুনানিতে ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনের প্রতিনিধিদের মধ্যে হাতাহাতির ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ‘এটি না হওয়াই উচিত ছিল। আমরা এ বিষয়ে পুলিশের কাছে একটি সাধারণ ডায়েরি করেছি এবং পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। এই বিষয়ে এটুকুই বলা উচিত।’
কয়েকজনের পাসপোর্ট জব্দের বিষয়ে তিনি বলেন, ‘এমন একটি খবর আমার কানেও এসেছে। তবে পাসপোর্ট জব্দ করার এখতিয়ার আমাদের নেই এবং আমরা এটি করিনি।’
গত চার দিনে ৩৩টি জেলার ৮৪টি আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এতে ১১৮৫টি আপত্তি ও ৭০৮টি সুপারিশ জমা পড়েছে। মোট আপত্তি ও সুপারিশের সংখ্যা ১৮৯৩। ২৪ আগস্ট ৬টি জেলার ১৮টি আসন, ২৫ আগস্ট ৯টি জেলার ২০টি আসন, ২৬ আগস্ট ৬টি জেলার ২৮টি আসন, এবং ২৭ আগস্ট ১২টি জেলার ১৮টি আসনের শুনানি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মতামতগুলো আমরা লিপিবদ্ধ করেছি। এগুলো পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব চূড়ান্ত তালিকা প্রকাশ করব।’