তত্ত্বাবধায়ক নিয়ে আপিলের শুনানি ২১ অক্টোবর

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের ওপর শুনানি নিয়ে আপিলের অনুমতির (লিভ) আরজি মঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত। আগামী ২১ অক্টোবর আপিলের ওপর শুনানির দিন ধার্য হয়েছে।

গতকাল বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত সাত বিচারকের আপিল বিভাগ আপিলের অনুমতি মঞ্জুর করে এ আদেশ দেয়। গতকাল রিভিউর শুনানিকালে আপিলের অনুমতি মঞ্জুর করে আপিল শুনানি, নাকি রিভিউর ওপর শুনানি নিয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত হবে, এমন প্রসঙ্গ ওঠে। সংশ্লিষ্ট আইনজীবীদের বক্তব্য শুনে প্রধান বিচারপতি আপিলের অনুমতি দিয়ে শুনানি গ্রহণ করবেন বলে সিদ্ধান্ত দেন। আদালতে রিভিউ আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ড. শরীফ ভূঁইয়া, রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

হাসিনা তত্ত্বাবধায়ক চান, ভূতের মুখে রাম নাম : আপিল বিভাগের আদেশের পর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের মানুষকে দীর্ঘস্থায়ী গণতান্ত্রিক পথে নেওয়ার জন্য তত্ত্বাবধায়কে ফিরে যেতে চাই। আদালতে বিশেষ প্রার্থনা থাকবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় হয়েছে, সেই রায় বাতিল করা এবং বাতিল করে দেশের মানুষের গণতন্ত্রের দ্বার উন্মোচন করা।’