কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৬০ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

বুধবার (২৭ আগস্ট) রাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ছালেহ মার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের হাজীর পাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে এনামুল হক (৩৩), একই ইউনিয়নের উত্তর দেয়াং এলাকার আবুল কাশেমের ছেলে জাহাঙ্গীর আলম (৩১), একই উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ব্রাহ্মণ বাড়ির উত্তম দাসের ছেলে নও-মুসলিম মোহাম্মদ সাগর ওরফে শুভ চক্রবর্তী (৩২) ও জিরি ইউনিয়নের মৃত হাফেজ আহমদের ছেলে মো. মহিউদ্দিন (৩০)।

পুলিশ জানায়, রাতে দুটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ৬০ লিটার চোলাই মদসহ অটোরিকশা দুটি জব্দ করা হয়। এ সময় অটোরিকশা দুটিতে থাকা চারজনকে গ্রেপ্তার করা হয়। 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।