নগরের হালিশহর এলাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে তিন মাস পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এক ‘বাঙালি সেজে’ এক রোহিঙ্গা যুবক তাকে প্রেমের ফাঁদে ফেলে কক্সবাজারে নিয়ে আটকে রেখেছিল বলে জানিয়েছে পিবিআই।
বুধবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মুছারখোলা চাকমা পাড়া এলাকার একটি বাসা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
অভিযুক্ত তরুণের নাম আল মামুন প্রকাশ আফবিয়া (২০)। তিনি উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরের ইস্ট ক্যাম্পের বাসিন্দা।
পিবিআই জানায়, গত ১৯ মে কোচিংয়ে যাওয়ার পথে নগরের হালিশহর থেকে মেয়েটিকে নিয়ে যায় আল মামুন। পরে ২ জুন অপহরণের অভিযোগে মেয়েটির মা চট্টগ্রামের আদালতে মামলা করেন। আদালত পিবিআইকে উদ্ধারের নির্দেশ দেন।
পিবিআই চট্টগ্রাম নগর ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) মো. মহসীন চৌধুরী জানান, তদন্তে নেমে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের মুছারখোলা চাকমা পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় মেয়েটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় তারা। সে বারবার অবস্থান পরিবর্তন করছিল। পরে বুধবার রাতে মেয়েটিকে উদ্ধার করা হয়।