মুস্তাফা মনোয়ারের জন্মজয়ন্তী
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের ৯০তম জয়ন্তী আগামী ১ সেপ্টেম্বর। বিশেষত শিশু-কিশোরদের আনন্দময় জীবন গড়ে দিতে সারা জীবন ক্লান্তিহীনভাবে কাজ করে গেছেন। গুণী এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের সৃষ্টিশীল জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২ পর্যন্ত ‘অভিনয়ে হাতেখড়ি’, ‘অ্যাক্টরস স্টুডিও’ এবং ‘বটতলা’ নাট্যদল দিনব্যাপী শিশুতোষ আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে পাপেট শো, নাটক ও কর্মশালা।
বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সকাল ৯টায় ‘আঁকিবুকি কর্মশালা’ (শিশুদের নিয়ে জন্মদিনের কার্ড প্রস্তুত)। সকাল ১০টায় ‘পাপেট শো’ (ইনভেন্টরস পাপেট ও টুগেদার উই ক্যান)। বেলা ১১টায় নাট্য ‘বন্যথেরিয়াম’ নাটকের প্রদর্শনী করবে বটতলা। এ ছাড়া বহিরাঙ্গনে শিশুতোষ বইয়ের সম্ভার নিয়ে আসবে ‘ইকরিমিকরি’। এ ছাড়া বটতলার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হচ্ছে বিচিত্র্য আয়োজন। এই আয়োজন শেষ হবে আজ শুক্রবার। সেখানে প্রদর্শিত হয় সুকুমার রায়ের হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি অবলম্বনে শিশুতোষ নাটক ‘বন্যথেরিয়াম’। নাটকের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন ইভান রিয়াজ।
মিশ্র প্রতিক্রিয়ার কবলে জয়া
ফেসবুকে একগুচ্ছ নতুন লুকের ছবি পোস্ট করেছেন দুই বাংলার চলচ্চিত্রের সমান সমাদৃত অভিনেত্রী জয়া আহসান। ছবিগুলো প্রকাশ পাওয়ার পর থেকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, কালো পোশাকের সঙ্গে সোনালি কারুকাজ করা একটি কেপ জ্যাকেট পরে ক্যামেরার সামনে হাজির হয়েছেন অভিনেত্রী। সিঁড়ির ধাপে বসে বা হেলান দিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দেওয়া প্রতিটি পোজ যেন ভক্তদের জন্য নতুন এক ফ্যাশন স্টেটমেন্ট। তার গায়ে মানানসই হালকা মেকআপ, ন্যুড লিপস্টিক, কালো হাইহিল, মুক্তার দুল আর ঢেউখেলানো চুলের স্টাইলে তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সেই সঙ্গে আঙুলে সাজানো আংটির সাজ এনেছে রাজকীয় ছোঁয়া।
বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনার ঝড়। এক নেটিজেন লিখেছেন, এ যেন আন্তর্জাতিক মানের ফ্যাশন। আরেক নেটিজেন লিখেছেন, এটা আভিজাত্য আর আত্মবিশ্বাসের প্রতীক। অন্য আরেক নেটিজেন লিখেছেন, বয়স যেন জয়ার কাছে শুধু একটি সংখ্যা; সময় যতই গড়াচ্ছে, ততই তিনি আরও মোহনীয় হয়ে উঠছেন।
থালাপতির বিরুদ্ধে মামলা
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা, তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) প্রতিষ্ঠাতা থালাপাতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পেরামবালুর থানায় এ মামলা দায়ের করেছেন শরৎ কুমার নামে এক ব্যক্তি। গত ২১ আগস্ট মাদুরাই জেলার পারাপাথিতে তামিলাগা ভেটরি কাজাগমের জনসভায় যোগ দিয়েছিলেন সুপারস্টার বিজয়। তাকে দেখতে ভিড় জমিয়েছিলেন লাখ লাখ মানুষ। উৎসাহী কয়েকজন র্যাম্পে উঠে পড়েন। তাদের ধাক্কা দিয়ে র্যাম্প থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিজয়ের দেহরক্ষীদের বিরুদ্ধে। এ ঘটনার পর পেরামবালুর জেলার পুলিশ সুপারের দপ্তরে অভিযোগ দায়ের করেন শরৎকুমার। তার অভিযোগ, বিজয়ের নিরাপত্তাকর্মীরা তাকে জনসভার সময় মঞ্চ থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির ১৮৯ (২), ২৯৬ (বি) এবং ১১৫ (আই) ধারায় মামলা দায়ের হয়েছে। বিজয় ছাড়া আরও ১০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর জনসভার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা চলছে। প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি নেতা বিনোজ পি সেলভাম বলেন, ‘সমাবেশে মানুষের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা দেখেই বোঝা যায় বিজয় কেমন নেতা।’
ফের জোভানের সঙ্গে নিহা
ছোটপর্দার এ সময়ের জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা। জুটি বেঁধে অনেক নাটকে অভিনয় করেছেন তারা। এবার স্বামী-স্ত্রীর ভূমিকায় একটি ইউটিউব ফিল্মে অভিনয় করেছেন দুজন। ‘সহযাত্রী’ নামের ফিল্মটি নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। দাম্পত্য জীবনের অন্যরকম একটি ঘটনাকে কেন্দ্র করেই ইউটিউব ফিল্মের গল্প এগিয়ে যাবে। ইউটিউব ফিল্মটি রচনা করেছেন জোবায়েদ আহসান। গল্প ও পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নির্মাতা বলেন, ‘স্বামী ও স্ত্রী সৃষ্টিকর্তার জুড়ে দেওয়া একটি সম্পর্ক। সংসারে তাদের একে অন্যের প্রতি ভালোবাসা, মর্যাদা ও মায়া-মমতার ওপর সুখী দাম্পত্য জীবন গড়ে ওঠে। কিন্তু এসব অনুভূতি দেখা যায় না। ফলে সম্পর্কে এগুলো আছে নাকি নেই সেই ভাবনা স্বামী ও স্ত্রীকে কোথায় ঠেলে দিতে পারে, এই ইউটিউব ফিল্মে সেটাই দেখানোর চেষ্টা করেছি।’ ‘সহযাত্রী’তে একটি মৌলিক গান রয়েছে। ‘আঘাত’ শিরোনামের গানটি গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। এর কথা লিখেছেন লুৎফর হাসান। সুর ও সংগীত পরিচালনায় শাহরিয়ার মার্সেল। আগামী সেপ্টেম্বরে ইউটিউব সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘সহযাত্রী’।