তারকা অল-রাউন্ডারকে নিয়েই এশিয়া কাপের দল ঘোষণা শ্রীলঙ্কার

চোট কাটিয়ে এশিয়া কাপে ফিরছেন শ্রীলঙ্কার তারকা লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আসন্ন এই আসরে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও বৃহস্পতিবার ঘোষিত লঙ্কানদের ১৬ সদস্যের দলে তাকে রাখা হয়েছে।

গত জুলাইয়ে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। এর ফলে ছিটকে যান পরের টি-টোয়েন্টি সিরিজ থেকেও। চোটের কারণে চলমান জিম্বাবুয়ে সফরে খেলতে না পারলেও এশিয়া কাপে তাকে পুরোপুরি ফিট পাওয়া যাবে বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

হাসারাঙ্গা এর আগে ২০২২ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপে ছিলেন দুর্দান্ত ফর্মে—৬ ম্যাচে নিয়েছিলেন ৯ উইকেট, ইকোনমি রেট ছিল ৭.৩৯। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৭৯ টি-টোয়েন্টিতে বল হাতে ১৩১ উইকেট শিকার করেছেন তিনি, ওভারপ্রতি গড় রান দিয়েছেন মাত্র ৫.০৮।

এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা দুই ব্যাটসম্যান নুয়ানিদু ফার্নান্দো ও কামিল মিশারা। ২০২৩ সালে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন নুয়ানিদু, অন্যদিকে মিশারা জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে।

দলের ব্যাটিং বিভাগে নেতৃত্ব দেবেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তার সঙ্গে রয়েছেন পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কুসাল পেরেরা ও কামিন্দু মেন্ডিস। আসালাঙ্কা ও কামিন্দু স্পিন বোলিংয়েও অবদান রাখতে সক্ষম।

পেস আক্রমণে থাকছেন দুশমান্থা চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা ও তরুণ প্রতিভা মাথিশা পাথিরানা। অলরাউন্ডার হিসেবে আছেন দাসুন শানাকা ও চামিকা কারুনারাত্নে। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন মাহিশ থিকশানা এবং বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগে।

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এবারের টি-টোয়েন্টি এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে থাকা শ্রীলঙ্কা নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে, ১৩ সেপ্টেম্বর। এরপর ১৫ ও ১৮ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ হবে যথাক্রমে হংকং ও আফগানিস্তান।

শ্রীলঙ্কার এশিয়া কাপ স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, চামিকা কারুনারাত্নে, মাহিশ থিকশানা, দুশ্মন্ত্য চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা, মাথিশা পাথিরানা।