পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে মারামারি থামাতে রশিদের বার্তা

রাজনৈতিকভাবে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান চিরশত্রু। মাঝেমধ্যেই সীমান্তে দুই দেশের মাঝে গোলাগুলি চলতে থাকে। ক্রিকেট মাঠেও দুই দেশের দর্শকরা একে অন্যের সঙ্গে ঝামেলায় জড়ান। সেই ঝামেলা মারামারি পর্যন্ত গড়া। আজ থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে এমন কিছু যেন না হয়, তার আহ্‌বান জানিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।

বাংলাদেশ সময় রাত ৯টায় পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ দিয়ে আজ শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে ত্রিদেশীয় সিরিজ। অন্য দলটি হলো সংযুক্ত আরব আমিরাত। এই সিরিজটি মূলতঃ এশিয়া কাপের প্রস্তুতি মঞ্চ। ২০২২ এশিয়া কাপে সুপার ফোরের একটি ম্যাচে পাকিস্তানি সমর্থকদের ওপর হামলা চালায় ক্ষুব্ধ আফগান সমর্থকেরা। সেই ঘটনায় তোলপাড় হয়েছিল দুই দেশের রাজনৈতিক অঙ্গনেও।

দুই নাগরিকদের উল্লেখযোগ্য একটি অংশ আরব আমিরাতে থাকে, বিশেষত শারজাহ। তাই সেখানে পাকিস্তান-আফগানিস্তানের ম্যাচ মানেই গ্যালারিতে ভক্তদের বাড়তি উন্মাদনা। এই তিক্ত অভিজ্ঞতা যেন আর না হয়, সিরিজ শুরুর আগেই সেই বার্তাই দিয়েছেন রশিদ, ‘স্টেডিয়ামে খেলা দেখতে আসা সবার প্রতি বলছি– ক্রিকেট ঐক্যের বার্তা বহন করে। যা একত্রিত করে মানুষ ও দেশকে। সবার মাঝে শান্তির বার্তা ছড়িয়ে দেয়।’

অবশ্য সংঘর্ষ থামাতে আগে থেকেই স্টেডিয়ামে দুই দলের সমর্থকদের জন্য আলাদা আসনবিন্যাস করা হয়েছে। এবার দেখার, এতে কতটা কাজ হয়। ২০২৩ সালে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজের সময়ও সমর্থকদের জন্য গ্যালারিতে আলাদা স্ট্যান্ড ছিল। এবার দেখার, রশিদের বার্তা এবং আলাদা আসনবিন্যাস দুই দলের সমর্থকদের সংঘর্ষ থামাতে পারে কিনা। দিনশেষে ক্রিকেট তো শান্তিরই প্রতীক।