আফগানিস্তান ‘দ্বিতীয় সেরা দল’ শুনে লজ্জা পেলেন পাকিস্তান অধিনায়ক

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০১:১০ পিএম

এশিয়া কাপের আগে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। এই সিরিজ শুরু হচ্ছে আজ শুক্রবার, যেখানে প্রথম ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে আফগানদের। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনের একটি ঘটনা ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা পাকিস্তানের জন্য বিব্রতকর।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ সেমিফাইনালে উঠেই চমক দেখিয়েছে আফগানিস্তান। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে তারা উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। গতকাল বৃহস্পতিবার যৌথ সংবাদ সম্মেলনে এক সাংবাদিক আফগানিস্তান অধিনায়ক রশিদ খানকে প্রশ্ন করতে গিয়ে ব্যখ্যা করছিলেন যে, চ্যাম্পিয়ন ভারতের পরে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান কীভাবে দ্বিতীয় সেরা দল ছিল।

প্রশ্নটা রশিদকে করা হলেও পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা বিব্রত হন। তিনি লকা হাসিতে প্রতিক্রিয়া দেন, যা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এই সময়ে পাকিস্তান ক্রিকেটের অবস্থা খুবই করুণ। বাবর-রিজওয়ানরা দলে সুযোগ পান না। ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের কাছে পাকিস্তান হারলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলেই মনে করছেন অনেকে।

উল্লেখ্য, আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপের আসর। পাকিস্তান পড়েছে গ্রুপ ‘এ’-তে, যেখানে তাদের সঙ্গে আছে ভারত, ওমান এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে আফগানিস্তান আছে গ্রুপ ‘বি’ -তে, যেখানে তাদের সঙ্গী বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকং। এশিয়া কাপের আগে এই ত্রিদেশীয় সিরিজ দুই দলের জন্যই প্রস্তুতির মঞ্চ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত