সিরাজগঞ্জে সড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতি

সিরাজগঞ্জের তাড়াশে সড়কে গাছ ফেলে যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাড়াশ উপজেলার রানীরহাট আঞ্চলিক সড়কের বেরখালি এলাকায় এ ঘটনা ঘটে। দেশীয় অস্ত্র হাতে নিয়ে প্রায় ১৫ জনের একটি ডাকাত দল সড়ক অবরোধ করে একাধিক যানবাহনে ডাকাতি করে বলে স্থানীয়রা অভিযোগ করেছে। আক্রান্ত যানবাহন চালকরা পুলিশকে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসলে ডাকাত দল পালিয়ে যায়।

ভুক্তভোগী চালকরা জানান, রানীরহাট আঞ্চলিক সড়কটি ডাকাতিপ্রবণ এলাকা কিছু দিন পরপর এখানে ডাকাতির ঘটনা ঘটে।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়েছে। তবে এ ডাকাতিতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। আক্রন্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।