হবিগঞ্জ বিএনপির সম্মেলন ও কাউন্সিল স্থগিত

হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার গুলশানে চেয়ারপারসনের অফিসে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আগামী ৬ সেপ্টেম্বর সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা ছিল। কিন্তু উপজেলা ও পৌর ইউনিট কমিটিতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জি কে গউসের পছন্দের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করাসহ বিভিন্ন অভিযোগ এনে সাবেক শেখ সুজাত মিয়া সংরক্ষিত আসনের সাবেক এমপি শাম্মি আক্তারের নেতৃত্বে বিএনপির একটি গ্রুপ সম্মেলন ও কাউন্সিলে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়।

বিভিন্ন ইউনিটে ‘পকেট কমিটি’ গঠন হয়েছে দাবি করে পদবঞ্চিত নেতাকর্মীরা তা বাতিলের জন্য জেলা সদরে বিক্ষোভ ও উপজেলাগুলোয় ঝাড়– ও জুতা মিছিল করেন। কোন্দলের বিষয়টি কেন্দ্রীয় কমিটির নজরে এলে সিলেট বিভাগের টিম লিডার প্রফেসর এ জেড এম জাহিদ হোসেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সব যুগ্ম আহ্বায়কদের সঙ্গে ঢাকায় চেয়ারপারসনের অফিসে বৈঠকে মিলিত হন।

বৈঠকে অংশ নেওয়া জেলা বিএনপির একজন যুগ্ম আহ্বায়ক জানান, উভয় গ্রুপের নেতাদের বক্তব্য শোনার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৬ সেপ্টেম্বরের সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হয়।