বগুড়ায় সেপটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

বগুড়া সদরে সেপটিক ট্যাংক থেকে ওয়াসিম আহম্মেদ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের বিদুপাড়া গ্রামে নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সকালে সদর থানার ওসি হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেন।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওয়াসিম ঘরে না ফেরায় তারা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সেপটিক ট্যাংকের ভেতরে তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, প্রাথমিকভাবে নিহত ওয়াসিমের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।