সিলেটে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে এর আগে মাত্র তিনবারই মুখোমুখি হয়েছে দুই দল। প্রত্যাশিতভাবেই শতভাগ জয় পেয়েছে বাংলাদেশ। তবে খুব বড় ব্যবধানে নয়- ৮ রান, ৯ রান এবং ২৫ রানে।
গত বছরের ১৩ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কিংসটাউনে অনুষ্ঠিত ম্যাচটি ২৫ রানে জিতে যায় বাংলাদেশ। ব্যাট হাতে সেই ম্যাচের নায়ক ছিলেন সাকিব আল হাসান। টপ অর্ডারে তানজিদ তামিম (৩৫) ছাড়া তখনকার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস দুজনেই ১ রান করে আউট হন। চারে নেমে সাকিব হাঁকান অপরাজিত ফিফটি।
৩৮ বলে ফিফটি স্পর্শ করা সাকিব শেষ পর্যন্ত ৪৬ বলে ৯ চারে ৬৪ রানে অপরাজিত থাকেন। শেষদিকে মাহমুদউল্লাহর ২১ বলে ২৫ আর জাকের আলীর ৭ বলে ১৪* রানে বাংলাদেশ তোলে ১৫৯ রান। জবাবে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনদের বোলিং তোপে ৮ উইকেটে ১৩৪ রানেই থামে ডাচরা। বল হাতে সাকিব অবশ্য ৪ ওভারে ২৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। সবচেয়ে কিপ্টে মুস্তাফিজুর রহমান ৪ ওভারে মাত্র ১২ রানে নিয়েছিলেন ১ উইকেট।