কাশ্মীরের আকিব নাবির ডাবল হ্যাটট্রিক; ভারতীয় দলে ডাক পাচ্ছেন কবে?

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১১:১১ এএম

দুলীপ ট্রফিতে অবিশ্বাস্য কীর্তি গড়লেন জম্মু-কাশ্মীরের পেসার আকিব নাবি। উত্তরাঞ্চলের হয়ে খেলতে নেমে তিনি এক ওভারে টানা তিন বলে তিন ব্যাটার ফিরিয়ে দেন, পরের ওভারের প্রথম বলেও নেন আরেকটি উইকেট। এর মাধ্যমে দুলীপ ট্রফির ইতিহাসে প্রথম বোলার হিসেবে চার বল টানা চার উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন এই ক্রিকেটার।

পূর্বাঞ্চলের বিপক্ষে ম্যাচের ৫৩তম ওভারে নাবি আউট করেন বিরাট সিং, মানিশি ও মুখতার হোসেনকে। পরের ওভারের প্রথম বলেই সাজঘরে পাঠান সুরজ সিন্ধু জয়সওয়ালকে। ইনিংসে তার বোলিং ফিগার ছিল- ১০.১ ওভারে ২৮ রানে ৫ উইকেট। প্রথম-শ্রেণির ক্রিকেটে মাত্র চতুর্থ ভারতীয় বোলার হিসেবে চার বলে চার উইকেট নিলেন তিনি। দুলীপ ট্রফিতে এর আগে হ্যাটট্রিক করেছিলেন শুধু কপিল দেব ও সৈরাজ বহুতুলে।

শুধু বল হাতে নয়, ব্যাট হাতে নেমেও নাবি খেলেছেন ৪৪ রানের কার্যকর ইনিংস। তার সৌজন্যেই উত্তরাঞ্চলের ৪০৫ রানের জবাবে পূর্বাঞ্চল গুটিয়ে যায় মাত্র ২৩০ রানে। নাবি গত মৌসুমে রঞ্জি ট্রফিতে ৯ ম্যাচে ১৩.০৮ গড়ে ৪৯ উইকেট নিয়েছিলেন। সেই দুর্দান্ত ফর্মই তিনি ধরে রেখেছেন চলতি মৌসুমেও। এমন পারফরম্যান্সের পর বিশেষজ্ঞরা বলছেন, ভারতের জাতীয় দলে সুযোগ পাওয়ার সময় এসে গেছে এই পেসারের।

ভারতীয় ক্রিকেটে জল্পনা চলছে যে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নাবির নাম আলোচনায় আসতে পারে। পেস, সুইং ও আক্রমণাত্মক বোলিংয়ের কারণে ব্যাটারদের ভোগান্তিতে ফেলতে তার জুড়ি নেই। পাশাপাশি নিচের দিকে ব্যাটিংয়েও কার্যকর অবদান রাখতে পারেন। চলতি দুলীপ ট্রফিতে তার এই ঐতিহাসিক কীর্তি ভারতের জাতীয় নির্বাচকদের ভাবনায় ফেলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত