রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শনিবার (৩০ আগস্ট) নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে নেতাকর্মীরা।
বিকালে শহরের চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা ‘নুরের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব চাই, জাতীয় পার্টির কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, আপা গেছে যেই পথে, জাপা যাবে সেই পথে, আমাদের সংগ্রাম, চলছেই চলবে’সহ নানা স্লোগান দেন।
পরে তারা চাষাঢ়া মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান। এসময় শহরের প্রাণকেন্দ্রে যানচলাচল বন্ধ হয়ে যায়। ২০ মিনিট পরে অবরোধ ছেড়ে দেন নেতাকর্মীরা।
সমাবেশে মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি আরিফ ভূঁইয়া বলেন, ইচ্ছাকৃতভাবে আমাদের নেতার ওপর হামলা করা হয়েছে। টাকার বিনিময়ে আমার নেতাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছে। তবে আল্লাহর রহমতে তা সম্ভব হয়নি। তবে অন্যান্য দলের নেতাকর্মীরা মনে করবেন না যে আপনাদের ওপর হামলা হবে না। যদি সবাই সোচ্চার না হোন তাহলে ভিপি নুর দিয়ে শুরু হলো আপনাদের দিয়ে শেষ হবে। সবশেষ এই হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ ইসলাম বলেন, গতকাল (শুক্রবার) সেনাবাহিনী ও পুলিশ আমাদের নেতার ওপর যে হামলা করেছে তা কোন ইন্ধন থেকে হয়েছে তা দ্রুত তদন্ত করে দেখবেন। আমি মনে করি, হাসিনা সরকার পালিয়ে গেলেও প্রশাসনের প্রতিটি সেক্টরে তার লোকজন এখনো রয়েছে। দেশে আইনবিচার প্রতিষ্ঠা না করলে দেশ কখনো ঠিক হবে না।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন নারাায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সহ-সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক রাহুল আরফান, যুব অধিকারের আরিয়ান রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।