পটুয়াখালী-৩ আসন (গলাচিপা-দশমিনা) থেকে বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার নেতাকর্মীদের ওপর হামলা, হুমকি ও নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নুরুল হক নুর অভিযোগ করেন, কেন্দ্রীয় বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন তার নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন। রাস্তাঘাট ও বাজারে দেখা হলেই তাদের সঙ্গে সংঘাত ও ঝামেলা সৃষ্টি করা হচ্ছে।
তিনি বলেন, ‘গত পরশুদিন পানপট্টি এলাকায় লিফলেট বিতরণ শেষে ফেরার পথে আমাদের কর্মী রাকিবের ওপর অতর্কিত হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর করা হয়।’
এর আগে, সোমবার (২৬ জানুয়ারি) রাতে দশমিনা উপজেলার চরবোহান ইউনিয়নে নুরুল হক নুরের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকদের মধ্যে হামলা ও অফিস ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নুরুল হক নুর আরও বলেন, ‘গতকাল আমি নিজে আলিপুরা এলাকায় গণসংযোগ করতে গেলে আমাদের উপস্থিতিতেই কর্মী চান মিয়াকে মারধর করা হয়। পরে বলা হয় তার কাছে টাকা পায়। অথচ এর আগেও চরকাপলবেড়া এলাকায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।’
তিনি অভিযোগ করেন— চরকাপলবেড়া ও চরবোহান এলাকায় ভূমিদস্যুদের আধিপত্য রয়েছে এবং এসব ভূমিদস্যু স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের আশ্রয়ে রয়েছে।
নুর বলেন, ‘৫ আগস্টের পর থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও সরকারি সুযোগ-সুবিধা নিয়ন্ত্রণে নিতে চেয়ারম্যান-মেম্বারদের ভয়ভীতি দেখানো হয়েছে। অনেকে আতঙ্কে মুখ খুলতে পারেননি।’
চরবোহান এলাকায় গণসংযোগকালে গণঅধিকার পরিষদের কার্যালয় ভাঙচুরের ঘটনায় তিনি দাবি করেন, পুলিশ পাঠানোর খবর পেয়ে প্রতিপক্ষ নিজেরাই অফিস ভাঙচুর করে নাটক সাজিয়ে ভিডিও ধারণ করে তা গণমাধ্যমে প্রচার করেছে।
এ সময় তিনি আরও অভিযোগ করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হুরায়রাকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। নুরুল হক নুর বলেন, ‘হাসান মামুন অপশক্তির এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন। বিষয়টি লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানানো হবে।’
সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে সংবাদ যাচাই-বাছাই করে প্রকাশ করা প্রয়োজন। ভুল বা বিভ্রান্তিকর সংবাদ প্রচারের দায় সাংবাদিকদেরই নিতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হুরায়রা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা আহ্বায়ক আব্দুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতা আল মামুনসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
