জাতীয় পার্টির প্রার্থীর ‘না’ প্রচারণায় হট্টগোল ও উত্তেজনা

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ পিএম

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সব প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহব্বান করাকে কেন্দ্র করে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা একসঙ্গে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান চলাকালে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিলটন প্রামানিক গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহব্বান জানান। তার এ বক্তব্যের পর মঞ্চের সামনে ও আশপাশে জড়ো হওয়া ব্যক্তিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় পরিস্থিতি কিছু উত্তপ্ত হয়ে উঠলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর নির্বাচনের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিলটন প্রামানিক নিজের নিরাপত্তাহীনতার কথা জানান।

তিনি বলেন, গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহব্বান তো আমার কথা নয়। এটি আমাদের নেতা জিএম কাদের স্যারের কথা।

তিনি বলেন, যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা উদ্বেগজনক। এমন পরিস্থিতি চলতে থাকলে এ দেশে ভোট হবে না।

এ বিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ বলেন, আমি একটা মিটিং এ আছি। এ বিষয়ে পরে কথা বলবো।

এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী এম. আকবর আলী বলেন, আমি তো রেকর্ড করিনি। সবাই দেখেছে, সবাই শুনেছে। আমি আমার মতো বক্তব্য দিয়েছিলাম।

এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খানের ব্যক্তিগত সহকারী মো. বুলবুল বলেন, জাতীয় পার্টির হিল্টন প্রামাণিক ছিলেন সর্বশেষ বক্তা৷ তিনি সরাসরি গণভোটে ‘না’ ভোট দিতে বলেছেন। এটি উপস্থিত দর্শকরা মেনে নিতে পারেননি৷ তারা আপত্তি জানিয়েছে, এটি কেনো বলা হলো৷ আবার কিছু মানুষ বলেছেন, তিনি তার মতামত দিয়েছেন৷ এখানে অন্যদের সমস্যা কি। এ জন্যই এ রকম হয়েছে৷

×
সর্বশেষ সর্বাধিক পঠিত