জাকসুতে ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিন সদস্যের আংশিক প্যানেল ঘোষণা করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) জাবি শাখা।

আজ শনিবার (৩০ আগস্ট) রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির স্কুল বিষয়ক সম্পাদক দীপা মজুমদার।

প্যানেলে সহ-সাধারণ সম্পাদক (পুরুষ) প্রার্থী হিসেবে আছেন ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) জাবি শাখার একাংশের সংগঠক মো. সজিব আহম্মদ জেনিচ। এছাড়াও কার্যকরী সদস্য (নারী) পদে রোকেয়া আমিন অনুসূয়া এবং কার্যকরী সদস্য পুরুষ পদে মো. সুমন হোসেন মনোনীত হয়েছেন।

প্যানেল ঘোষণা শেষে সহ-সাধারণ সম্পাদক (পুরুষ) প্রার্থী মো. সজিব আহম্মদ জেনিচ বলেন, আমরা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থীদের পক্ষে কাজ করেছি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সোচ্চার থেকেছি। আমরা নির্বাচনে জিততে পারি বা না পারি আমরা আগামীতেও কাজ করে যাব। শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, যারা যোগ্যতা রাখে এবং শিক্ষার্থীদের কথা ও মতামত তুলে ধরবে তাদেরকে ভোট দিবেন।