শাকসু নির্বাচনের স্থগিতাদেশে জাকসুর প্রতিবাদ

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ এএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের স্থগিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে জাকসুর সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দীর্ঘ প্রতীক্ষিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঠিক পূর্বমুহূর্তে আইনি মারপ্যাঁচ এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থগিত করার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করছে। যেখানে ১৯৬ প্রার্থী ও হাজার হাজার সাধারণ শিক্ষার্থী একটি উৎসবমুখর নির্বাচনের অপেক্ষায় ছিল। সেখানে মাত্র তিনজন আবেদনকারীর রিটের প্রেক্ষিতে আদালত কর্তৃক চার সপ্তাহের স্থগিতাদেশ অত্যন্ত দুঃখজনক। জাকসু মনে করে, ছাত্র সংসদ হলো শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের সূতিকাগার এবং তাদের দাবি আদায়ের শ্রেষ্ঠ মাধ্যম। এই প্রক্রিয়াটি কোনোভাবেই বাধাগ্রস্ত হওয়া কাম্য নয়।

এতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকলে সাধারণ শিক্ষার্থীরাই যেকোনো অপতৎপরতা রুখে দিতে সক্ষম। জাকসু দৃঢ়ভাবে বিশ্বাস করে, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো পুরনো ফ্যাসিস্ট কায়দায় শিক্ষার্থীদের অধিকার কেড়ে নেওয়া কাম্য নয়। যারা মব সৃষ্টি করে বা আইনি ফাঁকফোকর ব্যবহার করে নির্বাচন বন্ধের পায়তারা করছে, তারা আসলে শিক্ষার্থীদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ভয় পায়। জাকসু চাই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকুক।

জাকসু অবিলম্বে শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচনের ওপর থেকে সকল আইনি ও রাজনৈতিক প্রতিবন্ধকতা দূর করে দ্রুততম সময়ে ভোটগ্রহণের ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত