দায়িত্ব গ্রহণের পর চার মাসের কাজের বিবরণ দিল জাকসু

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ পিএম

দায়িত্ব গ্রহণের প্রথম চার মাসে শিক্ষার্থীদের কল্যাণে বাস্তবায়িত নানামুখী কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

বুধবার (২৮ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে চার মাসের কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন করেন জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু। এ সময় জাকসুর অফিসিয়াল ওয়েবসাইটেরও উদ্বোধন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দায়িত্ব গ্রহণের পর গত চার মাসে শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, সাংস্কৃতিক ও ক্রীড়া উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করেছে জাকসু। পাশাপাশি শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে এবং বেশ কিছু উন্নয়নমূলক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

কার্যবিবরণীতে উল্লেখ করা হয়, ক্যাম্পাস নিরাপত্তা জোরদারের লক্ষ্যে প্রান্তিক, ডেইরি ও এমএইচ গেটে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে র‍্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এন্টি-র‍্যাগিং সেল গঠন করা হয়।

পরিবেশ ও প্রাণ-প্রকৃতি সংরক্ষণে সরেজমিন পর্যবেক্ষণ চালিয়ে ক্যাম্পাসের প্রায় ২০টি আবর্জনার স্তূপ পরিষ্কার করা হয়েছে এবং ৪০টি স্থায়ী ডাস্টবিন স্থাপন করা হয়েছে। ‘পথের প্রাণ’ ও জাকসুর যৌথ উদ্যোগে ক্যাম্পাসের বিড়াল ও কুকুরদের ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়। এছাড়া শীতকালীন অতিথি পাখির আগমনের আগে মনপুরা লেক সংস্কার ও মাচা নির্মাণ করা হয়।

ক্যাম্পাসের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় কার্ট সংযোজন, পরিবেশবান্ধব অটোরিকশা চালু এবং পূজার ছুটিতে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দূরপাল্লার বাস সরবরাহ করা হয়।

স্বাস্থ্যসেবা খাতে মেডিকেল সেন্টারে ওজন মাপার যন্ত্র ও নেবুলাইজার সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ৮৫ ধরনের ওষুধ সরবরাহের ব্যবস্থা, সাতজন খণ্ডকালীন চিকিৎসক নিয়োগ এবং মেডিকেল ম্যানেজমেন্ট ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জাকসুর তত্ত্বাবধানে বটতলার খাবারে ঢাকনা ব্যবহার বাধ্যতামূলক করা হয়। অভ্যন্তরীণ দোকান মালিক ও ব্যবসায়ীদের নিয়ে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ক্যাফেটেরিয়ার খোলা রাখার সময়সীমা বৃদ্ধি এবং বিকেলের নাস্তা চালু করা হয়।

ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে ফ্রেন্ডলি ক্রিকেট ও বাস্কেটবল ম্যাচ, ই-ফুটবল টুর্নামেন্ট এবং আন্তঃহল শর্টপিচ টুর্নামেন্ট আয়োজন করা হয়। এছাড়া লালন সন্ধ্যা, পালা উৎসব, কবি ফররুখ আহমদ স্মরণ অনুষ্ঠান, বিজয় দিবস উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতা, র‍্যালি ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জাকসু ও বিকেএসপির সমন্বয়ে আত্ম-প্রতিরক্ষা প্রশিক্ষণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘মনের যত্ন: একাডেমিক ও ব্যক্তিগত জীবনের সমন্বয়’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। এ ছাড়া আসন্ন রমজানকে সামনে রেখে স্বাস্থ্যবিষয়ক সেমিনারসহ আরও কয়েকটি উদ্যোগ গ্রহণের কথা জানানো হয়।

অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে নতুন ছয়টি হলে গ্যাস সংযোগ সম্পন্ন করা হয়েছে। কলা অনুষদের পার্কিং সমস্যা সমাধানে সাইকেল স্ট্যান্ড স্থাপন করা হয়। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন এলাকায় ফুটপাত নির্মাণ, আলোকসজ্জা, স্পিডব্রেকার স্থাপন ও সড়ক সংস্কারসহ একাধিক প্রকল্প বাস্তবায়িত এবং প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত